প্রিন্ট এর তারিখ : ০১ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬
৮০ ভাষায় ১৯ লাখ কুরআন পাচ্ছেন হাজিরা
ঢাকা নিউজ ডেস্ক ||
সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজের পক্ষ থেকে নিজ দেশে ফিরে যাওয়া হাজি এবং হজের মাঠপর্যায়ে নিয়োজিত কর্মীদের মাঝে পবিত্র কুরআন ও এর অনুবাদের কপি বিতরণ কার্যক্রম শুরু করেছে দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রণালয়। জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন লাউঞ্জগুলোতে ইতোমধ্যে এই কুরআন বিতরণ কার্যক্রম শুরু হয়েছে এবং বিদেশি হাজিরা বিমানে আরোহনের আগে তাদের হাতে এই মূল্যবান উপহার পৌঁছে দেওয়া হচ্ছে।মদিনার কিং ফাহদ কুরআন প্রিন্টিং কমপ্লেক্সে মুদ্রিত মোট ১৯ লাখ কুরআনের কপি হাজিদের মাঝে বিতরণ করা হবে। হাজিরা যাতে নিজ নিজ মাতৃভাষায় আল্লাহর বাণী বুঝতে ও অধ্যয়ন করতে পারেন, সে লক্ষ্যেই ৮০টিরও বেশি ভাষায় অনূদিত কুরআনের কপি প্রস্তুত করা হয়েছে, যা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত মুসল্লিদের হাতে তুলে দেওয়া হচ্ছে।ইসলাম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, আগামী দিনগুলোতে সৌদি আরবের সব আন্তর্জাতিক বিমানবন্দর, স্থলবন্দর ও সমুদ্রবন্দরে ২৪ ঘণ্টাব্যাপী এই কুরআন বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রী শেখ আব্দুল লতিফ আল শেখ বলেন, এই উপহার বিশ্বজুড়ে পবিত্র কুরআনের বাণী ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে তাদের নেতৃত্বের আন্তরিক প্রয়াসেরই বহিঃপ্রকাশ।এদিকে সৌদি আরবের পাসপোর্ট অধিদপ্তর জানিয়েছে, হজ-পরবর্তী সময়ে হাজিদের নির্বিঘ্নে নিজ দেশে প্রত্যাবর্তন নিশ্চিত করতে দেশের সব স্থল, আকাশ ও সমুদ্রবন্দরে পূর্ণ প্রস্তুতি ও উচ্চ সক্ষমতা বজায় রাখা হয়েছে এবং আন্তর্জাতিক হাজিদের প্রতি নির্ধারিত ভ্রমণ সূচি যথাযথভাবে অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের হজে অংশগ্রহণকারী মোট হাজির সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৭ হাজার ৩১০ জন, যা গত বছরের তুলনায় ২.০৪ শতাংশ বেশি। এর মধ্যে বিভিন্ন দেশ থেকে আগত বিদেশি হাজির সংখ্যা ছিল ১৫ লাখ ৪৬ হাজার ৬৫৫ জন এবং সৌদি আরবের নাগরিক ও বাসিন্দাদের মধ্যে হজ পালন করেছেন ১ লাখ ৬০ হাজার core৬৪৬ জন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ