প্রিন্ট এর তারিখ : ২৯ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৬
জ্বালানি সংকট মোকাবিলায় অভিনব পদক্ষেপ: অস্ট্রেলিয়ার দুই রাজ্যে যাতায়াত ফ্রি
ঢাকা নিউজ ডেস্ক ||
ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে সৃষ্ট জ্বালানি তেলের তীব্র সংকট ও আকাশচুম্বী দামের চাপে দিশেহারা সাধারণ মানুষকে স্বস্তি দিতে এক ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া ও তাসমানিয়া রাজ্য সরকার। আগামী মঙ্গলবার (৩১ মার্চ) থেকে পুরো এপ্রিল মাসজুড়ে এই দুই রাজ্যের লাখ লাখ মানুষ বিনামূল্যে গণপরিবহণে যাতায়াতের সুযোগ পাবেন। মূলত তেলের বাজারে অস্থিরতা এবং সরবরাহ ঘাটতির কারণে সাধারণ মোটরচালকদের ওপর যে আর্থিক চাপ তৈরি হয়েছে, তা কমাতেই এই ঐতিহাসিক পদক্ষেপ নেওয়া হয়েছে।ইরান সংঘাতের এক মাস পূর্ণ হতে চললেও এর নেতিবাচক প্রভাব অস্ট্রেলিয়ার জনজীবনেও তীব্রভাবে অনুভূত হচ্ছে। জ্বালানি তেলের উচ্চমূল্য ও সংকটের কারণে কয়েকশ সার্ভিস স্টেশনে পেট্রোল ফুরিয়ে যাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে নাগরিকদের ব্যক্তিগত গাড়ি ছেড়ে গণপরিবহণ ব্যবহারে উৎসাহিত করতে ভিক্টোরিয়া সরকার এক মাসের জন্য সব ধরনের ভাড়া মওকুফ করেছে। এতে রাজ্য সরকারের প্রায় ৭১ মিলিয়ন ডলার রাজস্ব ক্ষতি হবে বলে ধারণা করা হচ্ছে।ভিক্টোরিয়ার প্রিমিয়ার জাসিন্টা অ্যালান রোববার সাংবাদিকদের জানান, এই সিদ্ধান্তের ফলে একজন নিয়মিত যাত্রী পুরো এপ্রিল মাসে অন্তত ২২০ ডলার পর্যন্ত সাশ্রয় করতে পারবেন। তিনি স্বীকার করেন যে, এই সাময়িক ব্যবস্থা জীবনযাত্রার ব্যয়ের সব সমস্যার স্থায়ী সমাধান না হলেও, এটি জ্বালানির চাহিদা কমিয়ে মানুষের পকেটের ওপর তৈরি হওয়া চাপ কিছুটা হলেও হালকা করবে। বর্তমান বৈশ্বিক সংকটে জনগণের পাশে দাঁড়ানোর দায়িত্ববোধ থেকেই সরকার এই সাহসী পদক্ষেপ নিয়েছে বলে তিনি উল্লেখ করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ