প্রিন্ট এর তারিখ : ০২ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬
লেবাননে আগ্রাসনের জেরে নেতানিয়াহুর ওপর ট্রাম্পের তীব্র ক্ষোভ
ঢাকা নিউজ ডেস্ক ||
লেবাননে সামরিক আগ্রাসন বৃদ্ধির জেরে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের বরাত দিয়ে জানা গেছে, সোমবার দুই নেতার মধ্যে অত্যন্ত উত্তপ্ত ফোনালাপ হয়, যেখানে ট্রাম্প নেতানিয়াহুর উদ্দেশে অশালীন শব্দ ব্যবহারের পাশাপাশি তাকে 'উন্মাদ' বলে অভিহিত করেন এবং তার বিরুদ্ধে অকৃতজ্ঞতার অভিযোগ তোলেন।ফোনালাপে ট্রাম্প নেতানিয়াহুকে সতর্ক করে বলেন, লেবাননের রাজধানীতে বোমাবর্ষণের হুমকি বাস্তবায়ন করলে আন্তর্জাতিক মহলে ইসরাইল আরও বেশি একঘরে হয়ে পড়বে। ট্রাম্প ইসরাইলি প্রধানমন্ত্রীকে তার দুর্নীতির মামলার সময়ে দেওয়া সমর্থনের কথা মনে করিয়ে দিয়ে বলেন যে তার সাহায্যেই নেতানিয়াহু এখনও জেলের বাইরে আছেন, অথচ এখন সবাই তাকে ও ইসরাইলকে ঘৃণা করছে। মার্কিন কর্মকর্তাদের মতে, হিজবুল্লাহর হামলার জবাবে আত্মরক্ষার প্রয়োজন ট্রাম্প স্বীকার করলেও, সাম্প্রতিক দিনগুলোতে নেতানিয়াহু অহেতুক ও মাত্রাতিরিক্ত আগ্রাসন দেখিয়ে পরিস্থিতিকে জটিল করছেন বলে ট্রাম্পের মনে হয়েছে।বিশেষ করে, একজন হিজবুল্লাহ কমান্ডারকে লক্ষ্য করে পুরো ভবন ধ্বংস করার ইসরাইলি পরিকল্পনার বিরোধিতা করেছিলেন ট্রাম্প, কারণ এতে সাধারণ লেবানিজ নাগরিকদের প্রাণহানির আশঙ্কা ছিল। এছাড়া লেবাননে উত্তেজনা বাড়ানোর ফলে ইরানের সঙ্গে ট্রাম্পের চলমান চুক্তি ও আলোচনা ভেঙে পড়তে পারে বলেও তিনি উদ্বিগ্ন ছিলেন। ফোনালাপের পর এক ইসরাইলি কর্মকর্তা জানান, বৈরুতে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলার পরিকল্পনা আপাতত আর নেই।অবশ্য ফোনালাপ শেষে ট্রাম্প সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এই আলোচনাকে ‘ফলপ্রসূ’ বলে বর্ণনা করেন এবং জানান যে তার অনুরোধে নেতানিয়াহু বৈরুতে বড় অভিযান না চালিয়ে সেনা ফিরিয়ে নিয়েছেন। পাশাপাশি ট্রাম্প হিজবুল্লাহ প্রতিনিধিদের সঙ্গেও কথা বলেছেন এবং উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলা বন্ধে সম্মত হয়েছে। অন্যদিকে, নেতানিয়াহু কথোপকথনের বিষয়টি নিশ্চিত করলেও চাপের বিষয়টি অস্বীকার করে দাবি করেছেন, হিজবুল্লাহ হামলা চালাতে থাকলে বৈরুতে আঘাত হানা হবে এবং দক্ষিণ লেবাননে ইসরাইলি সেনাবাহিনীর অভিযান পরিকল্পনা অনুযায়ী চলবে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ