প্রিন্ট এর তারিখ : ০২ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬
আসামির বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা জারি
ঢাকা নিউজ ডেস্ক ||
রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় করা মামলায় আদালতের বাইরে পুলিশের হেফাজতে থাকা আসামির প্রকাশ্যে কথা বলা এবং তার বক্তব্য প্রচার না করার নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ আদেশ দেন।রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা দেওয়া হয়। আবেদনটি করেন মামলাটি পরিচালনার জন্য বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ পাওয়া আইনজীবী আজিজুর রহমান। আদালতে সাক্ষ্য গ্রহণ শুরুর আগে এ আবেদন উপস্থাপন করা হয়।আবেদনে আজিজুর রহমান বলেন, আইন অনুযায়ী পুলিশ হেফাজতে থাকা কোনো আসামির বিচারিক আদালতের বাইরে প্রকাশ্যে বক্তব্য দেওয়ার সুযোগ নেই এবং এ বিষয়ে উচ্চ আদালতের সুস্পষ্ট নির্দেশনাও রয়েছে। তিনি আরও বলেন, পুলিশ হেফাজতে থাকা বা দণ্ডিত আসামিদের বক্তব্য সংবাদমাধ্যমে প্রচার করা আইনগতভাবে শাস্তিযোগ্য অপরাধ। এতে বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা ব্যাহত হতে পারে এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে।আবেদনে বলা হয়, বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা রক্ষা, জনমত প্রভাবিত হওয়া রোধ এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে আসামিদের বক্তব্য প্রচার নিয়ন্ত্রণে পুলিশকে নির্দেশ দেওয়া প্রয়োজন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ