প্রিন্ট এর তারিখ : ২৯ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৬
৬ দিন সাগরে ভাসমান: পানি ও খাবার ছাড়া ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার
ঢাকা নিউজ ডেস্ক ||
ভূমধ্যসাগরের গ্রিস উপকূলে এক ভয়াবহ মানবিক বিপর্যয়ে অন্তত ২২ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। গত ২১ মার্চ পূর্ব লিবিয়ার তোবরুক বন্দর থেকে একটি রাবার ডিঙি নৌকায় করে গ্রিসের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন এই ভাগ্যপিঁপাসু মানুষগুলো। মাঝপথে দিক হারিয়ে ফেলায় টানা ছয় দিন খাবার ও পানীয় জল ছাড়াই উত্তাল সমুদ্রে ভেসে ছিলেন তারা। গ্রিক কোস্টগার্ড জানিয়েছে, জীবন বাঁচাতে লড়াই করা এই নৌকাটি থেকে ২১ জন বাংলাদেশিসহ মোট ২৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে একজন নারী ও একটি শিশুও রয়েছে, যাদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ক্রিট দ্বীপের হাসপাতালে ভর্তি করা হয়েছে।বেঁচে ফেরা অভিবাসীদের লোমহর্ষক বর্ণনা থেকে জানা গেছে, ক্ষুধা ও তৃষ্ণায় কাতর হয়ে নৌকার ২২ জন যাত্রী মারা গেলে পাচারকারীদের নির্দেশে তাদের মরদেহ সমুদ্রে ফেলে দেওয়া হয়। ধারণা করা হচ্ছে, নিহতদের মধ্যেও অধিকাংশ নাগরিকই বাংলাদেশি। অবশেষে গ্রিসের ইয়েরাপেত্রা শহর থেকে ৫৩ নটিক্যাল মাইল দূরে ইউরোপীয় সীমান্ত সংস্থার একটি জাহাজ নৌকাটিকে শনাক্ত করে উদ্ধার অভিযান চালায়। উদ্ধারকৃতদের মধ্যে ২১ জন বাংলাদেশি ছাড়াও চারজন দক্ষিণ সুদানের এবং একজন চাদের নাগরিক রয়েছেন।এই ঘটনায় মানবপাচারের অভিযোগে ১৯ ও ২২ বছর বয়সী দুই দক্ষিণ সুদানি নাগরিককে গ্রেফতার করেছে গ্রিক কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ এবং অবহেলাজনিত হত্যাকাণ্ডের অভিযোগে তদন্ত শুরু হয়েছে। জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর-এর তথ্যমতে, সংঘাত ও দারিদ্র্য থেকে বাঁচতে এশিয়া ও আফ্রিকার হাজার হাজার মানুষ প্রতিবছর লিবিয়া থেকে প্রাণঘাতী এই রুট ব্যবহার করে ইউরোপে প্রবেশের চেষ্টা করেন। পর্যাপ্ত লাইফজ্যাকেট বা রসদ ছাড়াই অতিরিক্ত যাত্রী বোঝাই এসব ডিঙি নৌকা মাঝেমধ্যেই এমন ভয়াবহ ট্র্যাজেডির শিকার হয়, যা বিশ্বজুড়ে অবৈধ অভিবাসনের ভয়াবহতাকে আবারও সামনে নিয়ে এসেছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ