প্রিন্ট এর তারিখ : ০৩ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬
আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু, তদন্ত প্রতিবেদন জমা
ঢাকা নিউজ ডেস্ক ||
রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে। বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের কাছে এই প্রতিবেদন হস্তান্তর করা হয়।গত ২৭ মে ভোরে আদ্-দ্বীন হাসপাতালের একই ওয়ার্ডে মাত্র তিন ঘণ্টার ব্যবধানে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে। এই ঘটনার পর মৃত এক শিশুর স্বজন রমনা থানায় মামলা দায়ের করেন এবং পুলিশ, স্বাস্থ্য মন্ত্রণালয় ও সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালটি পরিদর্শন করেন। পরিদর্শনের সময় বিভিন্ন অসঙ্গতি পেয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন স্বাস্থ্যমন্ত্রী।মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের দুজন কর্মকর্তার সমন্বয়ে গঠিত এই তিন সদস্যের কমিটিকে প্রথমে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল। নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পেরে তারা ৩ জুন পর্যন্ত সময় চেয়ে নিয়েছিলেন। এদিকে স্বাস্থ্য অধিদপ্তর গঠিত পৃথক আরেকটি কমিটি আগামীকাল তাদের তদন্ত রিপোর্ট জমা দেবে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।আগামীকাল দুপুর ৪টায় স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল এই তদন্ত প্রতিবেদনের বিষয়ে গণমাধ্যমের সামনে বিস্তারিত তথ্য তুলে ধরবেন। উল্লেখ্য, তিন দিন আগে হাসপাতাল কর্তৃপক্ষ নিজস্ব সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিবেদন প্রকাশের সিদ্ধান্ত নিলেও পরে তা থেকে সরে আসে এবং ওই দিনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও স্বাস্থ্য অধিদপ্তরের যৌথ অভিযানে হাসপাতালটিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ