প্রিন্ট এর তারিখ : ০৩ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬
মৌলভীবাজারে বজ্রপাতে ১৪ গবাদিপশুর নির্মম মৃত্যু
ঢাকা নিউজ ডেস্ক ||
মৌলভীবাজারের জুড়ীতে আকস্মিক বজ্রপাতে ছয়টি চা শ্রমিক পরিবারের ১৩টি গরু এবং একটি মহিষের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের কুচাই চা বাগানে এই বেদনাদায়ক ঘটনাটি ঘটে।কুচাই জালাই ও পাথরটিলা নামক দুটি পৃথক স্থানে গবাদিপশুগুলো যখন ঘাস খাচ্ছিল, ঠিক তখনই বজ্রসহ বৃষ্টির মধ্যে হঠাৎ বজ্রপাত ঘটে। এতে কুচাই জালাই এলাকায় চা শ্রমিক বুধু লালের দুটি, চিনি লালের একটি, রবি মোহনের তিনটি, রাজন কুর্মীর তিনটি, কালাচানের দুটি ও মকরো গোয়ালার একটিসহ মোট ১৩টি গরু এবং পাথরটিলা এলাকায় বিরসা নামক এক শ্রমিকের একটি মহিষ মারা যায়।নিহত এই গবাদিপশুগুলোই ছিল দরিদ্র চা শ্রমিক পরিবারগুলোর আয়ের অন্যতম প্রধান উৎস। এক মুহূর্তের মধ্যে জীবিকার একমাত্র অবলম্বন হারিয়ে পরিবারগুলোতে এখন তীব্র শোকের মাতম চলছে এবং তারা সম্পূর্ণ দিশেহারা হয়ে পড়েছেন।খবর পেয়ে গোয়ালবাড়ি ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস দেন। পরবর্তীতে ঘটনাটি অবহিত করা হলে স্থানীয় সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু ক্ষতিগ্রস্ত এই চা শ্রমিক পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস প্রদান করেছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ