প্রিন্ট এর তারিখ : ০৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬
সরাসরি বৈঠকে বসতে পুতিনকে জেলেনস্কির খোলা চিঠি
ঢাকা নিউজ ডেস্ক ||
ইউক্রেন যুদ্ধের অবসানের লক্ষ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি বৈঠকের প্রস্তাব দিয়ে একটি খোলা চিঠি পাঠিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার (৪ জুন) পাঠানো এই চিঠিতে তিনি স্পষ্ট করেছেন যে, ইউক্রেন সরাসরি আলোচনার মাধ্যমে যুদ্ধ শেষ করতে চায়, তবে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ না এলে নিজেদের অস্তিত্ব রক্ষায় লড়াই চালিয়ে যাবে। ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয় থেকে চিঠিটি যুক্তরাষ্ট্রসহ আরও কয়েকটি দেশে পাঠানো হয়েছে এবং কূটনৈতিক চ্যানেলেও এটি আনুষ্ঠানিকভাবে পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা।চিঠিতে জেলেনস্কি উল্লেখ করেন, ইউক্রেনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, মূল্যস্ফীতি এবং জ্বালানি সংকটের কারণে রাশিয়ার সাধারণ মানুষ ক্লান্ত হয়ে পড়েছে এবং তারা এখন শান্তি চায়। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের মনোযোগ ইরান সংকটের দিকে থাকায়, ইউরোপের যুদ্ধ নিয়ে পশ্চিমা সিদ্ধান্তের জন্য অপেক্ষা না করে ফ্রন্টলাইন বা যুদ্ধের সামনের সারি থেকেই শান্তির পথ খোঁজার তাগিদ দেন তিনি। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী আলোচনা চলাকালে পূর্ণ যুদ্ধবিরতি কার্যকর করার দাবি জানিয়ে জেলেনস্কি বলেন, যুদ্ধবিরতি পর্যবেক্ষণ করার সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে।বৈঠকের জন্য নির্দিষ্ট তারিখ নির্ধারণের প্রস্তাব দিয়ে জেলেনস্কি আলোচনা আয়োজনের স্থান হিসেবে সুইজারল্যান্ড, তুরস্ক এবং আরব বিশ্বের দেশগুলোর দীর্ঘ অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে দেন। পুতিনের উদ্দেশে তিনি বলেন, যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ বেছে নিতে ভয় না পেয়ে এখনই সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত, কারণ দীর্ঘস্থায়ী যুদ্ধ পুতিনের ব্যক্তিগত অবস্থানকেও ঝুঁকির মুখে ফেলতে পারে। রাশিয়ার ইতিহাস টেনে তিনি সতর্ক করেন যে, রাশিয়া যখন ক্লান্ত হয়ে পড়ে, তখনই দেশটিতে বড় পরিবর্তন আসে। ক্রেমলিন জানিয়েছে, তারা চিঠিটি দেখেছে এবং বিষয়টি পুতিনকে অবহিত করা হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ