প্রিন্ট এর তারিখ : ০৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬
কুয়েতের কাছে যুক্তরাষ্ট্রের ২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি
ঢাকা নিউজ ডেস্ক ||
মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপটে উপসাগরীয় দেশ কুয়েতের কাছে প্রায় ২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (৫ জুন) মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে কুয়েতকে ড্রোন প্রতিরোধী (কাউন্টার-ড্রোন) প্রযুক্তি কেনার অনুমতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। এই আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি সরবরাহ করবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক সমর্থকের প্রতিষ্ঠিত প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান ‘অ্যান্ডুরিল ইন্ডাস্ট্রিজ’।মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এই প্রস্তাবিত অস্ত্র বিক্রি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা লক্ষ্য অর্জনে সরাসরি সহায়তা করবে। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ন্যাটোভুক্ত নয় এমন একটি প্রধান মিত্র দেশ হিসেবে কুয়েতের নিরাপত্তা আরও জোরদার হবে। যুক্তরাষ্ট্র মনে করে, এই চুক্তি কুয়েতের নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সমগ্র অঞ্চলের সামগ্রিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।এদিকে, এই অস্ত্র চুক্তির সমসাময়িককালেই অঞ্চলে সামরিক উত্তেজনা নতুন রূপ নিয়েছে। আজ শনিবার (৬ জুন) মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) হরমুজ প্রণালির দিকে ছোড়া ইরানি ড্রোন ভূপাতিত করার পাশাপাশি ইরানের কিছু রাডার স্থাপনায় হামলা চালায়। এর জবাবে কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরান পাল্টা আক্রমণ চালায়। মার্কিন সামরিক বাহিনীর তথ্যমতে, তেহরান ওই ঘাঁটিগুলো লক্ষ্য করে সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ