প্রিন্ট এর তারিখ : ০৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬
মাটি ও পরিবেশ উপযোগী বৃক্ষরোপণের পরামর্শ প্রধানমন্ত্রীর
ঢাকা নিউজ ডেস্ক ||
মাটির গুণগত মান বজায় এবং স্থানীয় পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে বৃক্ষরোপণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৬ জুন) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে বৃক্ষরোপণ সংক্রান্ত এক সভায় তিনি এই নির্দেশনা দেন।সভায় প্রধানমন্ত্রী বলেন, দেশের সব অঞ্চলের মাটির বৈশিষ্ট্য এক নয়। তাই যে এলাকায় যে ধরনের মাটি ও পরিবেশ রয়েছে, সে অনুযায়ী গাছ নির্বাচন করে লাগাতে হবে, যা গাছের বেঁচে থাকার হার বাড়াবে এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, ঋতুচক্রে পরিবর্তন দেখা যাচ্ছে এবং আগে জুন মাসে নিয়মিত বৃষ্টিপাত হলেও এখন সেই চিত্র বদলে গেছে। প্রকৃতির এই বিরূপ আচরণের পেছনে বনাঞ্চল ও গাছপালা কমে যাওয়া একটি গুরুত্বপূর্ণ কারণ এবং আগামী প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণকে অগ্রাধিকার দেওয়া উচিত।পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আগামী ৫ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নিয়েছে সরকার। আগামী ১৪ জুন কক্সবাজারের ডুলহাজরায় প্রধানমন্ত্রী এই বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার, পরিবেশ সচিব রায়হান কাওছারসহ সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ