প্রিন্ট এর তারিখ : ০৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬
১০ হাজার টাকার কৃষি ঋণ মওকুফ গ্রামীণ অর্থনীতির বড় শক্তি: তথ্যমন্ত্রী
ঢাকা নিউজ ডেস্ক ||
দেশে বিপুল পরিমাণ খেলাপি ও বৈদেশিক ঋণের মধ্যেও বর্তমান সরকার দায়িত্ব নিয়েই প্রান্তিক কৃষকের সুরক্ষায় ১০ হাজার টাকার কৃষি ঋণের আসল ও সুদ সম্পূর্ণ মওকুফ করে দিয়েছে। শনিবার (৬ জুন) দুপুরে রাজধানীর গুলশানে এমসিসিআই কনফারেন্স কক্ষে প্রাণ গ্রুপ আয়োজিত প্রথম ‘বাংলাদেশ অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৫’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এ কথা বলেন।তিনি উল্লেখ করেন, এই ঐতিহাসিক সিদ্ধান্ত দেশের জিডিপি এবং দক্ষ জনশক্তিকে সচল রাখা গ্রামীণ অর্থনীতিতে এক বিশাল কৌশলগত শক্তি জোগাবে। দেশের কৃষিভিত্তিক অর্থনীতি যখন ক্রমান্বয়ে শিল্প অর্থনীতির দিকে রূপান্তরিত হচ্ছে, তখন এই ট্রান্সফরমেশন সফল করতে প্রচুর কারিগরি জ্ঞান এবং আধুনিক প্রযুক্তির সমন্বয় প্রয়োজন।তথ্যমন্ত্রী বলেন, কাঁচা কৃষি পণ্যকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে অ্যাগ্রো-ইন্ডাস্ট্রিয়াল পণ্যে রূপান্তর করা সম্ভব হলে অভ্যন্তরীণ বাজার ও বৈশ্বিক রপ্তানি বাণিজ্যে বিশাল ইতিবাচক প্রভাব পড়বে, যার সম্ভাবনা ও চ্যালেঞ্জগুলো সাংবাদিকদের অনুসন্ধানী লেখনীর মাধ্যমেই উঠে আসা সম্ভব। তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশের কৃষি অর্থনীতি ও অ্যাগ্রো-ইন্ডাস্ট্রির ওপর প্রকাশিত বিশেষ প্রতিবেদনগুলো সংকলন করে তাদের সুনির্দিষ্ট সুপারিশগুলো সরাসরি সরকারের সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের কাছে পৌঁছে দেওয়া হবে।প্রধানমন্ত্রী তারেক রহমানের সুপরিকল্পিত রাষ্ট্র পরিচালনার মূল স্তম্ভগুলোর অন্যতম একটি হলো দেশের কৃষি খাত। অনুষ্ঠানে এই মহতি উদ্যোগের জন্য প্রাণ-আরএফএল গ্রুপকে ধন্যবাদ জানানোর পাশাপাশি কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত শিল্প খাতের ওপর বিশেষ প্রতিবেদন প্রকাশের স্বীকৃতি হিসেবে প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন—এই তিন বিভাগে দেশের মোট ৭ জন সেরা সাংবাদিকের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কারের অর্থ তুলে দেওয়া হয়।প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ। এছাড়া অনুষ্ঠানে প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল এবং তিন সদস্যের জুরিবোর্ডের সদস্যসহ দেশের বিভিন্ন গণমাধ্যমের শীর্ষস্থানীয় সাংবাদিক, গবেষক ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ