প্রিন্ট এর তারিখ : ০৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬
হিলি সীমান্তে পুশ-ইন ঠেকাতে বিজিবির সাথে গ্রামপুলিশের যৌথ টহল
ঢাকা নিউজ ডেস্ক ||
ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ বা পুশ-ইন রোধে দিনাজপুরের হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সাথে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছেন স্থানীয় গ্রামপুলিশ সদস্যরা। শনিবার (৬ জুন) সকাল থেকে সীমান্তের বিভিন্ন স্পর্শকাতর পয়েন্টে বিজিবির সাথে যৌথভাবে তাদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। বিজিবির এই সমন্বিত উদ্যোগের ফলে সীমান্ত এলাকার স্থানীয় বাসিন্দাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী জানান, গত দুই সপ্তাহ ধরে ভারতের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ ধরনের কর্মকাণ্ড সীমান্ত এলাকায় উদ্বেগ ও অস্থিরতা তৈরি করায় সার্বিক নিরাপত্তা জোরদার করতে বিজিবির পাশাপাশি গ্রামপুলিশ সদস্যদের যুক্ত করা হয়েছে। একই সাথে সীমান্তজুড়ে টহল ও গোয়েন্দা নজরদারি দ্বিগুণ করা হয়েছে।স্থানীয় বাসিন্দা বাশার মিয়াসহ অন্য সীমান্তবাসীরা জানান, ভারতীয় নাগরিকদের পুশ-ইনের চেষ্টা তাদের জন্য বড় আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছিল, যা এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত করার আশঙ্কা তৈরি করে। তবে সকাল থেকে বিজিবির সাথে গ্রামপুলিশের এই যৌথ অবস্থান দেখে তারা আশ্বস্ত বোধ করছেন। সীমান্তবাসীর দাবি, এই নিরাপত্তা ব্যবস্থা দীর্ঘমেয়াদে বজায় রাখলে অবৈধ অনুপ্রবেশ রোধের পাশাপাশি সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ