প্রিন্ট এর তারিখ : ০৭ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬
মতিঝিলে দিনদুপুরে ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই
ঢাকা নিউজ ডেস্ক ||
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের করপোরেট শাখার সামনে দিনদুপুরে লোকমান (৪৫) নামের এক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীকে গুলি করে প্রায় ১৭ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। রোববার (৭机制) বিকাল ৩টার পর এই বর্বরোচিত ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ব্যবসায়ী লোকমান বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত লোকমান একজন মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী এবং তিনি রাজধানীর শাহজাহানপুরের বাসিন্দা। বিকেলে তিনি মতিঝিল শাপলা চত্বর এলাকা দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এরপর তার সাথে থাকা প্রায় ১৭ লাখ টাকা ভর্তি ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয় পথচারীরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানিয়েছেন, লোকমানের হাতে কনুইয়ের নিচে একটি এবং হাঁটুর নিচে দুটি গুলি লেগেছে।পুলিশের তথ্য অনুযায়ী, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং সেখান থেকে গুলির দুটি খোসা উদ্ধার করে।এদিকে একাধিক গোয়েন্দা সূত্রে জানা গেছে, এই হামলায় মোট ৬ জন অজ্ঞাতনামা ব্যক্তি ৩টি মোটরসাইকেলে করে ওই ব্যাংকটির করপোরেট শাখার সামনে আসে। তারা পরিকল্পিতভাবে ভিকটিমকে টার্গেট করে এই ছিনতাইয়ের ঘটনা ঘটায়। গোয়েন্দাদের ধারণা, ব্যবসায়ী লোকমান ব্যাংক থেকে অর্থ উত্তোলন করবেন— এই তথ্যটি আগে থেকেই কোনোভাবে ওই চক্রের কাছে ফাঁস হয়ে থাকতে পারে। তথ্য ফাঁসের এই বিষয়টি খতিয়ে দেখার পাশাপাশি হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারে একাধিক গোয়েন্দা টিম কাজ শুরু করেছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ