প্রিন্ট এর তারিখ : ০৭ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬
দুই ভুয়া পুলিশ আটকে অপহৃত যুবক উদ্ধার
ঢাকা নিউজ ডেস্ক ||
নেত্রকোনার কলমাকান্দায় পুলিশ পরিচয়ে এক যুবককে অপহরণের চেষ্টাকালে দুই ভুয়া পুলিশকে আটক করেছে জনতা। রোববার বিকালে উপজেলার পোগলা ইউনিয়নের আমবাড়ী এলাকা থেকে তাদের আটক করার পর পুলিশে সোপর্দ করা হয়। এ সময় অপহৃত যুবককে উদ্ধারসহ একটি মোটরসাইকেল ও একজোড়া হ্যান্ডকাফ জব্দ করা হয়েছে।আটককৃতরা হলেন—নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোনা বাজার এলাকার মো. সিজন মিয়া (৩৪) এবং মো. সুজাত মিয়া (৩৩)। অন্যদিকে উদ্ধার হওয়া অপহৃত যুবকের নাম সোহরাব হোসেন (২৮), যিনি বারহাট্টা উপজেলার চন্দ্রপুর পালপাড়া গ্রামের বাসিন্দা।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার সকালে নিজেদের পুলিশ সদস্য পরিচয় দিয়ে একদল ব্যক্তি বারহাট্টার চিরাম এলাকা থেকে সোহরাবকে জোরপূর্বক তুলে নিয়ে কলমাকান্দার আমবাড়ী এলাকায় আসে। সেখানে তাদের আচরণ ও পরিচয় নিয়ে স্থানীয়দের সন্দেহ হলে তারা সিজন ও সুজাতকে আটকে ফেলেন, তবে বাকি সহযোগীরা পালিয়ে যায়। পরে খবর পেয়ে কলমাকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইজনকে গ্রেফতার এবং অপহৃত যুবককে উদ্ধার করে।কলমাকান্দা থানার ওসি সজল সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, স্থানীয়দের সহায়তায় দুই ভুয়া পুলিশকে আটক এবং অপহৃত যুবককে উদ্ধার করা হয়েছে। এই অপহরণচেষ্টার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ