প্রিন্ট এর তারিখ : ১২ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬
বোমা বন্ধে ইরানি নেতাদের ফোন করার দাবি ট্রাম্পের
ঢাকা নিউজ ডেস্ক ||
ইরানের শীর্ষ নেতারা সরাসরি তাকে ফোন করে চলমান বোমা হামলা বন্ধ করার অনুরোধ জানিয়েছিলেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা এএফপির বরাতে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানিয়েছেন। ট্রাম্প বলেন, সর্বশেষ অভিযানে মার্কিন বাহিনী ইরানের ওপর ৪৯টি টমাহক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তিনি হুঁশিয়ারি দিয়ে আরও যোগ করেন, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের শর্ত ইরান মেনে না নিলে আগামী রাতেও তাদের ওপর ব্যাপক বোমা হামলা চালানো হবে।তবে ট্রাম্পের এই দাবি দ্রুতই প্রত্যাখ্যান করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, তেহরান কখনোই হামলা বন্ধের অনুরোধ জানিয়ে ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করেনি। আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, ইরানি কর্মকর্তারা ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করেছেন—এমন দাবি সম্পূর্ণ ভিত্তিহীন এবং এটি মূলত যুদ্ধের দায় এড়ানোর জন্য দেওয়া একটি অজুহাত মাত্র।এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে তীব্র সংঘাত শুরু হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর জবাবে তেহরানও বাহরাইন, কুয়েত ও জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটি এবং হরমুজ প্রণালিতে দুটি জাহাজে হামলা চালানোর দাবি করেছে। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, বুধবার (১০ জুন) গভীর রাতে ট্রাম্পের নির্দেশেই এসব হামলা চালানো হয়, যা ছিল ইরানের অযৌক্তিক ও অব্যাহত আগ্রাসনের জবাব।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ