প্রিন্ট এর তারিখ : ১২ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬
জর্ডানে মার্কিন বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা আইআরজিসির
ঢাকা নিউজ ডেস্ক ||
যুক্তরাষ্ট্রের হামলার জবাবে জর্ডানে অবস্থিত মার্কিন বিমানঘাঁটিতে ও নিয়ন্ত্রণ কেন্দ্রে হামলা চালিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা ১২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটি ও নিয়ন্ত্রণ কেন্দ্রে এই হামলা চালিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই মার্কিন হামলার জবাবেই কুয়েত, বাহরাইন ও জর্ডানে অবস্থিত মার্কিন বিমানঘাঁটিগুলো লক্ষ্য করে ব্যাপক হামলা চালাচ্ছে তেহরান।আইআরজিসির দাবি অনুযায়ী, জর্ডানের এই হামলায় মার্কিন বাহিনীর ব্যবহৃত এফ-৩৫, এফ-১৫ ও এফ-১৬ যুদ্ধবিমান এবং যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে সরাসরি লক্ষ্যবস্তু করা হয়। তবে ইরানের এই দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।এর আগে কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতেও হামলা চালায় ইরান। একই সঙ্গে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তারা ‘অবৈধভাবে’ প্রণালি অতিক্রমের চেষ্টা করা দুটি তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে। এ ছাড়া বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটি এবং কুয়েতের আলি আল-সালেম ও আহমাদ আল-জাবের বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালানোর দাবিও করেছে তারা।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ