প্রিন্ট এর তারিখ : ৩১ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৬
ট্রাম্পের ১০ দিনের আল্টিমেটাম: ইরানে সর্বাত্মক ধ্বংসযজ্ঞের হুমকি
ঢাকা নিউজ ডেস্ক ||
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে আগামী ৬ এপ্রিল পর্যন্ত মাত্র ১০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক সংবাদ সম্মেলনে সতর্ক করেছেন যে, এই সময়ের মধ্যে সমঝোতা না হলে ইরানের বিদ্যুৎকেন্দ্র, তেলকূপ এবং কৌশলগত খার্গ দ্বীপ সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হবে। যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী, প্রকাশ্যে কঠোর অবস্থান নিলেও পর্দার আড়ালে তেহরানের একটি 'যুক্তিবাদী' অংশের সঙ্গে গোপন আলোচনা বেশ ফলপ্রসূ হচ্ছে এবং ইরান কিছু মার্কিন শর্তে রাজি হয়েছে। এই আলোচনারই সূত্র ধরে হরমুজ প্রণালি দিয়ে পুনরায় তেলের ট্যাঙ্কার চলাচল শুরু হতে যাচ্ছে বলে ওয়াশিংটন দাবি করছে। তবে ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন যে, চুক্তি না হলে লবণাক্ত পানি বিশুদ্ধকরণ কেন্দ্রসহ ইরানের সব গুরুত্বপূর্ণ অবকাঠামো গুঁড়িয়ে দিয়ে এই অভিযানের সমাপ্তি টানা হবে। সামরিক চাপ আরও বাড়াতে ইতোমধ্যে ওই অঞ্চলে ১১ হাজারের বেশি কমব্যাট ফ্লাইট পরিচালনা করা হয়েছে এবং কয়েক হাজার নতুন নৌসেনা ও প্যারাট্রুপার মোতায়েন করছে মার্কিন বাহিনী। একইসঙ্গে এই যুদ্ধের বিশাল ব্যয়ভার বহনে পারস্য উপসাগরীয় মিত্র দেশগুলোর ওপর চাপ দেওয়ার পরিকল্পনাও করছে ট্রাম্প প্রশাসন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ