প্রিন্ট এর তারিখ : ১২ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬
'রাষ্ট্রের একটা কানাকড়িও নয়-ছয় না হোক'—অ্যাটর্নি জেনারেল
ঢাকা নিউজ ডেস্ক ||
আগামীর বাংলাদেশে মানুষের মূল প্রত্যাশা হচ্ছে রাষ্ট্রের একটি কানাকড়িও যেন নয়-ছয় বা অপচয় না হয় বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। বৃহস্পতিবার (১১ জুন) বাজেট প্রসঙ্গে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।সাংবাদিকদের সামনে অ্যাটর্নি জেনারেল মনে করিয়ে দেন যে, রাষ্ট্রের টাকা আকাশ থেকে আসে না, এগুলো মূলত জনগণের কষ্টের ও ঘামের টাকা। তাই প্রত্যেকটি টাকার যথাযথ ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন, যা দেশের এবং দেশের মানুষের কল্যাণে কাজে লাগবে।অতীতের মতো দেশের টাকা অপচয় হওয়ার সংস্কৃতি থেকে বের হয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, "আগামী দিনের বাংলাদেশে মানুষের প্রত্যাশা হচ্ছে—রাষ্ট্রের একটি একটা কানাকড়িও যেন নয়-ছয় না হয়। আমাদের যার যার অবস্থান থেকে এটা সুনিশ্চিত করতে চাই।" উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন, বিগত অর্থবছরে তাঁর কার্যালয় চাইলে খরচের নামে অপচয় করতে পারত, কিন্তু তা না করে বরাদ্দ থেকে ১৯ লক্ষ টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে।সম্পদের সঠিক ব্যবহার ও সততার দৃষ্টান্ত দিতে গিয়ে তিনি জানান, দেশের বর্তমান প্রধানমন্ত্রী মাত্র ৮০-৯০ টাকা খরচ করে দুপুরের লাঞ্চ বা আহার সম্পন্ন করেন। তিনি বিশ্বাস করেন, বাংলাদেশে বাজেটের আকার কেমন হলো—তা বড় বিষয় নয়, বরং দেশ কতটা এগিয়ে যাবে তা নির্ভর করবে বাজেটের টাকার যথাযথ ও সততার সাথে ব্যবহারের ওপর।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ