প্রিন্ট এর তারিখ : ১২ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬
চলন্ত মোটরসাইকেলে ইট মেরে ছিনতাইয়ের মূল পরিকল্পনাকারী কালু গ্রেফতার
ঢাকা নিউজ ডেস্ক ||
রাজধানীর কাফরুলে চলন্ত মোটরসাইকেল চালকের মাথায় আঘাত করে গাড়ি ছিনতাইয়ের ঘটনায় মূল পরিকল্পনাকারী মো. ফয়সাল ওরফে কালুকে (২৭) গ্রেফতার করেছে র্যাব-৪।বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে রাতে র্যাবের একটি সূত্র নিশ্চিত করেছে।র্যাব জানায়, সম্প্রতি মোটরসাইকেল চালকের মাথায় আঘাত করে গাড়ি ছিনতাইয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। এরপরই র্যাব-৪ ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে এবং তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কালুর অবস্থান শনাক্ত করে তাকে আটক করে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ব্যবসায়িক বিষয় নিয়ে ভুক্তভোগী রাফির সঙ্গে অভিযুক্তদের আগে থেকেই বিরোধ ও কথা কাটাকাটি চলছিল। ঘটনার দিন রাফি একা মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় কালু, পারভেজ ও তাদের সহযোগীরা তাকে থামানোর চেষ্টা করে। কালু তাতে ব্যর্থ হলে কিছুটা সামনে থাকা পারভেজ একটি বড় ইটের টুকরো ছুড়ে রাফির মাথায় আঘাত করে। এতে তিনি চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন।পরে অভিযুক্তরাই আহত রাফিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়, যেখানে তার একটি অস্ত্রোপচার করা হয়েছে। গ্রেফতারকৃত ফয়সাল ওরফে কালুর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র্যাব।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ