প্রিন্ট এর তারিখ : ১৩ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬
ক্রিকেটার নাঈম হাসানকে ওসির কক্ষে হেনস্তা ও মারধরের অভিযোগ
ঢাকা নিউজ ডেস্ক ||
জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে পুলিশের মারধর এবং পরবর্তীতে খুলশী থানার ওসির কক্ষে নিয়ে হেনস্তা করার অভিযোগ উঠেছে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে প্রিমিয়ার লিগ খেলে চট্টগ্রামে ফিরে বিমানবন্দর থেকে সিএনজিযোগে বাড়ি ফেরার পথে লালখানবাজার ফ্লাইওভার এলাকায় এ ঘটনা ঘটে। নাঈমকে ওসির কক্ষে নেওয়া হলে ঘটনার বিস্তারিত বলার সময় খুলশী থানার ওসি আরিফুর রহমান তাকে ‘চোখ নামিয়ে কথা বল’ বলে ধমক দেন। এ ঘটনায় ইতোমধ্যে এক এসআইসহ দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।নাঈমের বিবরণ অনুযায়ী, লালখানবাজার ফ্লাইওভারের নিচে তার সিএনজি থামিয়ে ড্রাইভারের থেকে কাগজপত্র নেওয়া হলে তিনি পুলিশকে ব্যাগ চেক করার অনুরোধ করেন। কিন্তু সেখানে উপস্থিত একজন সাদা পোশাকধারী এবং দুজন ইউনিফর্ম পরা পুলিশ সদস্য তার পরিচয় স্পষ্ট করার পরও তাকে মারধর শুরু করে। তাকে গলা চেপে ধরে জোরপূর্বক পুলিশের গাড়িতে তোলার চেষ্টা করা হলে তিনি প্রতিরোধ করেন, তবে নির্যাতন অব্যাহত থাকে। এ সময় পাঞ্জাবি পরা এক অজ্ঞাত ব্যক্তি তাকে পাইপ দিয়ে আঘাত করে এবং ঘটনাস্থলে উপস্থিত ১০০-২০০ মানুষ তার পরিচয় দেওয়ার পরও পুলিশ তাকে আসামি আখ্যা দিয়ে মারধর করতে থাকে।মারধরের একপর্যায়ে পুলিশের গাড়ি থাকা সত্ত্বেও তাকে একটি অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় বলে নাঈম অভিযোগ করেন। পরে এসআই শফিকুল তাকে থানায় নিয়ে ওসির কক্ষে হাজির করেন, যেখানে ওসির ধমকের মুখে পড়ার পর একটি ফোন পেয়ে ওসি শান্ত হন। মোবাইল ফোন ফিরে পাওয়ার পর নাঈম তাৎক্ষণিকভাবে বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে যোগাযোগ করলে তামিম ওসি ও নাঈমের বাবার সঙ্গে কথা বলে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।বিগত ৫ বছর ধরে জাতীয় দলে খেলা এবং আসন্ন জিম্বাবুয়ে সফরের টেস্ট দলেও থাকা এই ক্রিকেটার সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে বলেন, পুলিশের হাতে যদি মানুষ নিরাপদ না থাকে তাহলে আর লাভ কী।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ