প্রিন্ট এর তারিখ : ১৩ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬
নাঈমের পর্যবেক্ষণে চট্টগ্রামে ডাক্তার ও ফিজিও
ঢাকা নিউজ ডেস্ক ||
চট্টগ্রামের লালখানবাজার ফ্লাইওভারের মুখে গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে জাতীয় দলের তারকা ক্রিকেটার নাঈম হাসানকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে মারধর ও হেনস্তা করার অভিযোগ উঠেছে। সামনে টেস্ট সিরিজ থাকায় তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতে এবং সার্বিক পর্যবেক্ষণের জন্য ঢাকা থেকে চট্টগ্রামে পৌঁছেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল টিমের একজন ডাক্তার ও একজন ফিজিও।আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্যের হাতে জাতীয় দলের এই ক্রিকেটারের হয়রানি ও দুর্ব্যবহারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে বিসিবি। একজন জাতীয় ক্রিকেটারের সঙ্গে এমন অগ্রহণযোগ্য ও অনুপযুক্ত আচরণ অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে বোর্ড ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত ও সুষ্ঠু তদন্তের দাবি করেছে।বোর্ড আরও জানায়, ঘটনাটি জানার পর থেকেই তারা নাঈম ও তাঁর পরিবারের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে এবং প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিচ্ছে। বিষয়টির সুষ্ঠু সমাধানে চট্টগ্রামের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রশাসনের সঙ্গে বোর্ড নিবিড়ভাবে কাজ করছে এবং সব ক্রিকেটারের কল্যাণ, মর্যাদা ও অধিকার সুরক্ষায় বিসিবি বদ্ধপরিকর বলে পুনর্ব্যক্ত করেছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ