প্রিন্ট এর তারিখ : ১৩ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬
বিএনপি কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিতদের অবস্থান
ঢাকা নিউজ ডেস্ক ||
জাতীয়তাবাদী যুবদলের নবঘোষিত কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটিতে ত্যাগী ও সক্রিয় নেতাদের মূল্যায়ন না করার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন পদবঞ্চিত নেতারা। শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত এই কর্মসূচিতে যুবদল ও ছাত্রদলের সাবেক বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতা অংশ নেন। একই সময়ে যুবদলের নবগঠিত কমিটির নেতারা প্রথম কর্মসূচি হিসেবে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া নেতারা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে মামলা, হামলা, জেল ও নির্যাতনের শিকার হয়েও যারা রাজনীতিতে সক্রিয় ছিলেন, তাদের অনেকেই নতুন কমিটিতে স্থান পাননি। তাদের দাবি, ত্যাগ ও সাংগঠনিক অবদানের মূল্যায়ন না করে সভাপতি ও সাধারণ সম্পাদকের ঘনিষ্ঠ ও নিজস্ব বলয়ের লোকদের কমিটিতে প্রাধান্য দেওয়া হয়েছে। অবিলম্বে পদবঞ্চিতদের যথাযথ মূল্যায়ন করা না হলে সংগঠন সাংগঠনিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও তারা সতর্ক করেন।সাবেক ছাত্রদল নেতা ও যুবদলের আগের কমিটির দায়িত্বপ্রাপ্ত রফিকুল ইসলাম বলেন, দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামে থাকার পরও আজ তারা পরিচয়হীন হয়ে পড়েছেন এবং তারা নিজেদের রাজনৈতিক পরিচয় ও মূল্যায়ন চান। জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-সভাপতি হুমায়ন কবির বলেন, ফ্যাসিবাদী শাসনামলে রাজপথে সক্রিয় থাকার পরও নতুন কমিটিতে তাদের স্থান দেওয়া হয়নি, তাই তারা দলের হাইকমান্ডের কাছে সুবিচার চান। এই অবস্থান কর্মসূচিতে সদ্য সাবেক যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন ও রিয়ন তালুকদারসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ