প্রিন্ট এর তারিখ : ১৩ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬
বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান
ঢাকা নিউজ ডেস্ক ||
রাজধানী ঢাকাকে বাসযোগ্য হিসেবে গড়ে তুলতে বৃক্ষরোপণকে একটি সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম। তিনি মন্তব্য করেছেন, "বৃক্ষরোপণ আমাদের দায়িত্ব নয়, আমাদের দায়।"শনিবার রাজধানীর আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত এক বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।জেলা প্রশাসক তাঁর বক্তব্যে উল্লেখ করেন, দ্রুত নগরায়ণ, পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে রাজধানী ঢাকা ক্রমেই নানা জটিল চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। এসব পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যাপক সবুজায়নের কোনো বিকল্প নেই। একটি গাছ কেবল পরিবেশের ভারসাম্যই রক্ষা করে না, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সুন্দর পৃথিবী গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।তিনি আরও বলেন, বৃক্ষরোপণকে কেবল একটি আনুষ্ঠানিক বা সৌখিন কর্মসূচি হিসেবে দেখার সুযোগ নেই; বাস্তবে এটি আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই। প্রতিটি নাগরিক যদি বছরে অন্তত একটি করে গাছ রোপণ ও সেটির সঠিক পরিচর্যার দায়িত্ব নেন, তবে রাজধানীর পরিবেশগত উন্নয়নে বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব।সবুজ ঢাকা গড়তে সরকারের পাশাপাশি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণের ওপর জোর দেন ফরিদা খানম। আলোচনা সভা শেষে অনুষ্ঠানস্থলে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয় এবং উপস্থিত সবার মাঝে পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ