প্রিন্ট এর তারিখ : ৩১ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৬
ইরানের তেল সম্পদ দখলের হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প
ঢাকা নিউজ ডেস্ক ||
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পঞ্চম সপ্তাহে গড়ানোর প্রেক্ষাপটে ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খারগ দ্বীপ দখল ও দেশটির তেল শিল্পের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, তার প্রধান লক্ষ্য হলো ইরানের তেল দখল করা। এই সামরিক পদক্ষেপকে তিনি চলতি বছরের শুরুতে ভেনেজুয়েলায় চালানো অভিযানের সঙ্গে তুলনা করেছেন।ট্রাম্প দাবি করেছেন, খারগ দ্বীপ দখল করা আমেরিকার জন্য অত্যন্ত সহজ কারণ ইরানের কোনো কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা নেই। মার্কিন নেতার মতে, এই পদক্ষেপ তেহরানের জ্বালানি বাণিজ্যে ধস নামাবে এবং দেশটির অর্থনীতির ওপর বিশাল চাপ তৈরি করবে। মার্কিন সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, পেন্টাগন ইতিমধ্যে ইরানে কয়েক সপ্তাহের সম্ভাব্য স্থল হামলার প্রস্তুতির অংশ হিসেবে প্রায় ১০ হাজার সৈন্য পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।তেহরানকে যুদ্ধ শেষ করার শর্তাবলীতে রাজি হওয়ার জন্য ট্রাম্প আগামী ৬ এপ্রিল পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছেন। এই সময়ের মধ্যে কোনো চুক্তিতে না পৌঁছালে ইরানের অবশিষ্ট ৩ হাজার লক্ষ্যবস্তুতে হামলার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তবে প্রেসিডেন্ট দাবি করেছেন যে, পাকিস্তানের মধ্যস্থতায় পরোক্ষ আলোচনা চলছে এবং এতে ইতিবাচক অগ্রগতি হচ্ছে।ট্রাম্প আরও জানিয়েছেন, তেহরান ওয়াশিংটনকে ‘উপহার’ হিসেবে হরমুজ প্রণালি দিয়ে দ্বিগুণ সংখ্যক পাকিস্তানি পতাকাবাহী তেল ট্যাঙ্কার চলাচলের অনুমতি দিয়েছে। তার দাবি অনুযায়ী, ইরানি স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ব্যক্তিগতভাবে এই অনুমতি দিয়েছেন। একই সঙ্গে তিনি ইরানে ‘শাসনব্যবস্থা পরিবর্তন’ ঘটার দাবি করে বলেন, বর্তমান নেতৃত্ব পূর্বের তুলনায় অনেক বেশি পেশাদার।মার্কিন প্রেসিডেন্ট পুনরায় দাবি করেছেন যে, ইরানের বর্তমান শীর্ষ নেতৃত্ব ও সর্বোচ্চ নেতা আলী খামেনির উত্তরসূরি মোজতবা খামেনি হয়তো নিহত হয়েছেন অথবা গুরুতর আহত অবস্থায় আছেন। যদিও তেহরান শুরু থেকেই তাদের নেতৃত্ব অক্ষুণ্ণ এবং নিরাপদ থাকার কথা জোর দিয়ে বলে আসছে। বিশেষজ্ঞরা অবশ্য সতর্ক করেছেন যে, ইরানের তেল কেন্দ্রে স্থল অভিযান যুদ্ধকে আরও দীর্ঘায়িত ও বিপজ্জনক করে তুলতে পারে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ