প্রিন্ট এর তারিখ : ১৪ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬
৩ বলে অস্ট্রেলিয়ার ২ উইকেট শিকার শরীফুলের
ঢাকা নিউজ ডেস্ক ||
অস্ট্রেলিয়াকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের লক্ষ্যে মাঠে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ২৭৪ রান সংগ্রহ করেছে টাইগাররা। জবাবে টার্গেট তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা করলেও উদ্বোধনী জুটিতে ৪০ রান সংগ্রহের পর মাত্র ৩ বলের ব্যবধানে ২ উইকেট হারিয়েছে ছয়বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।বাংলাদেশ দলের পেসার শরীফুলের বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন অস্ট্রেলিয়ান ওপেনার জশ ইংলিস। তিনি ১২ বলে চারটি বাউন্ডারির সাহায্যে ২১ রান করে আউট হন। এরপর ওয়ান ডাউনে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় বলেই বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ম্যাট রেনশ।এর আগে ইনিংসের শুরুতে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। আগের ম্যাচে ৪২ রান করা সৌম্য সরকার আজ ফেরেন মাত্র ২ রানে। এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে ৫১ রানের জুটি গড়ে সাজঘরে ফেরেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিম, তার আগে তিনি করেন ১৯ রান। পরবর্তীতে ৫০ বল খেলে মাত্র ২৪ রান করে আউট হন অধিনায়ক শান্ত।দলের ৬১ রানে ৩ উইকেট পতনের পর হাল ধরেন লিটন কুমার দাস ও তাওহীদ হৃদয়। চতুর্থ উইকেটে তারা ১০৯ বলে ৯৫ রানের জুটি গড়েন। দলীয় ১৫৩ রানে রিটায়ার্ডহার্ট হয়ে মাঠ ছাড়ার আগে লিটন ৭৮ বলে চারটি চার আর দুটি ছক্কায় ৫৮ রান করেন।এরপর তাওহীদ হৃদয়কে সঙ্গে নিয়ে ৮১ বলে ৯০ রানের জুটি গড়েন মোসাদ্দেক হোসেন সৈকত। দলীয় ২৪৬ রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে হৃদয় ৮৮ বলে ৮টি বাউন্ডারির সাহায্যে ৮৩ রান করেন। অন্যদিকে ৫১ বলে ৫টি চার আর এক ছক্কায় ৫১ রান করে অপরাজিত থাকেন মোসাদ্দেক হোসেন সৈকত, যার ফলে ৫০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২৭৪ রান।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ