প্রিন্ট এর তারিখ : ৩১ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৬
কানে হেডফোন দিয়ে রেললাইনে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু
ঢাকা নিউজ ডেস্ক ||
ফেনী জেলা শহরের বারাহিপুর এলাকায় কানে হেডফোন লাগিয়ে রেললাইন দিয়ে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় আরিফ হোসেন রানা নামের ২৫ বছর বয়সী এক তরুণ ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর সোয়া ২টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতি ট্রেনের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রানা সদর উপজেলার উত্তর শিবপুর গ্রামের মজুমদার বাড়ির মৃত নুর আলমের ছেলে এবং বারাহিপুর এলাকায় একটি মুদি দোকানের মালিক ছিলেন।ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় রানা কানে হেডফোন লাগিয়ে রেললাইন ধরে হাঁটছিলেন। পেছন থেকে ট্রেন আসতে দেখে স্থানীয়রা চিৎকার করে তাকে সরে যাওয়ার জন্য বারবার সতর্ক করলেও হেডফোন থাকায় তিনি তা শুনতে পাননি। ট্রেনের ধাক্কায় তিনি রেললাইন থেকে ছিটকে পড়েন এবং মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।ফেনী রেলওয়ে স্টেশনমাস্টার মোহাম্মদ হারুন জানিয়েছেন, বারাহিপুরের ৯১-৬৭ পিলারের মাঝামাঝি স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। বর্তমানে রেলওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে এবং তা পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ