প্রিন্ট এর তারিখ : ১৪ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬
ট্রাম্পের ইরান চুক্তিকে ডেমোক্র্যাটদের ‘আত্মসমর্পণ দলিল’ আখ্যা
ঢাকা নিউজ ডেস্ক ||
ইরানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পিত সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে তীব্র সংশয় ও ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির শীর্ষ আইনপ্রণেতারা। এই চুক্তিকে যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় পরাজয় হিসেবে উল্লেখ করে তারা একে কার্যত একটি ‘আত্মসমর্পণ দলিল’ বলে আখ্যা দিয়েছেন।ক্যালিফোর্নিয়ার সিনেটর অ্যাডাম শিফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ ট্রাম্পের এই উদ্যোগের সমালোচনা করে লিখেছেন, প্রেসিডেন্ট বলছেন যুদ্ধ শেষ এবং তিনি আশা করেন ট্রাম্পের কথাই যেন সত্যি হয়। তবে এর আগেও এমন বহু কথা শোনা গেছে যার সঙ্গে অসংখ্য ভাঙা প্রতিশ্রুতির রেকর্ড রয়েছে উল্লেখ করে তিনি অভিযোগ করেন, ট্রাম্প নতুন যুদ্ধ শুরু করলেও তার খরচ কমাতে পারেননি, যা যুক্তরাষ্ট্রের জনগণকে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করেছে।অন্যদিকে ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য সেথ মল্টন সংবাদমাধ্যম ‘এমএস নাও’-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই সম্ভাব্য চুক্তিকে মার্কিন ইতিহাসের অন্যতম একটি বাজে চুক্তি হিসেবে অভিহিত করেছেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এটি মূলত ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ইরানের সর্বোচ্চ নেতার কাছে জমা দেওয়া একটি আত্মসমর্পণ দলিল ছাড়া আর কিছুই নয়।মল্টন আরও জানান, এই যুদ্ধে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের করদাতাদের ১০০ বিলিয়ন ডলার খরচ হয়েছে এবং ১৪ জন মার্কিন নাগরিক প্রাণ হারিয়েছেন। অথচ বিনিময়ে এমন একটি চুক্তি করা হচ্ছে যা কেবল একটি সমুদ্র প্রণালিকে পুনরায় উন্মুক্ত করবে, যা কিনা ট্রাম্প এই যুদ্ধ শুরু করার আগেই উন্মুক্ত ছিল। এত ক্ষয়ক্ষতি ও অর্থ ব্যয়ের পর একে কোনোভাবেই যুক্তরাষ্ট্রের জয় হিসেবে মেনে নেওয়া যায় না বলে তিনি দাবি করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ