প্রিন্ট এর তারিখ : ১৪ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬
মরক্কোর বিস্ময়বালক বুয়াদ্দির পারফরম্যান্সে অবাক বিশ্ব
ঢাকা নিউজ ডেস্ক ||
মেটলাইফ স্টেডিয়ামে ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচে মাঝমাঠে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেছেন মরক্কোর ১৮ বছর বয়সী উদীয়মান তারকা আইয়ুব বুয়াদ্দি। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে লিলের এই মিডফিল্ডারকে শুরুর একাদশে রাখাটা মরক্কোর প্রধান কোচ মোহাম্মদ ওয়াহবির কাছে কোনো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত মনে হয়নি এবং তার এই পারফরম্যান্সে তিনি অবাকও হননি। ফ্রান্সের যুব দলগুলোর হয়ে খেলার পর গত মার্চেও দলটির অনূর্ধ্ব-২১ দলের প্রতিনিধিত্ব করা বুয়াদ্দি জাতীয় দলের হয়ে নিজের প্রথম আন্তর্জাতিক ম্যাচেই ব্রাজিলের মুখোমুখি হন।ম্যাচের ২১তম মিনিটে ইসমায়েল সাইবারির গোলে মরক্কো প্রথমে এগিয়ে গেলেও ৩২তম মিনিটে ভিনিসিউস জুনিয়রের গোলে সমতায় ফেরে ব্রাজিল। ম্যাচটি ১-১ গোলে ড্র হলেও নিউ ইয়র্কের গ্যালারিতে উপস্থিত বিশ্বের ফুটবলপ্রেমীদের মন্ত্রমুগ্ধ করে রেখেছে মরক্কোর এই বিস্ময়বালকের পারফরম্যান্স। বুয়াদ্দি পুরো ম্যাচ জুড়েই মাঝমাঠে ছড়ি ঘুরিয়েছেন এবং প্রথমার্ধে ব্রাজিলের অভিজ্ঞ কাসেমিরোকে ও দ্বিতীয়ার্ধে চ্যাম্পিয়নস লিগ জয়ী ফাবিনহোকে বোতলন্দি করে রাখেন।ম্যাচ শেষে মরক্কো কোচ মোহাম্মদ ওয়াহবি বলেন, খেলোয়াড়ের পারফরম্যান্সই মূল বিষয়, বয়স নয়। বুয়াদ্দিকে খেলানো কোনো হঠকারী সিদ্ধান্ত ছিল না এবং ব্রাজিলের মতো দলের বিরুদ্ধে ঝুঁকি নেওয়ার মতো ম্যাচ এটি ছিল না। তিনি আরও জানান, রিয়াল মাদ্রিদের বিপক্ষে লিলের ঐতিহাসিক জয়ের ম্যাচে বুয়াদ্দির অনবদ্য পারফরম্যান্সের কারণেই তাকে দলে ভেড়াতে অনেক বৈঠক করা হয়েছিল এবং এরমধ্যেই ফরাসি লিগ ওয়ানে ৬৩টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে এই তরুণের।শনিবারের ম্যাচে ২৪ বছর বয়সী নেইল এল আয়নাউই এবং পরবর্তীতে ২০ বছর বয়সী মিডফিল্ডার সামির এল মুরাবেত মাঠে নামলে ম্যাচের শেষ ভাগে মরক্কোর মাঝমাঠকে পুরোপুরি তরুণদের দখলে দেখা যায়। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মরক্কো কোচ বলেন, মাঝমাঠে তাদের ভবিষ্যতের জন্য অনেক ভালো খেলোয়াড় আছে এবং সামনের ম্যাচগুলোতে দল আরও ভালো করবে। আগামী ১৯ জুন ফক্সবরোতে গ্রুপ ‘সি’-এর দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের এবং তার পাঁচ দিন পর আটলান্টায় হাইতির মুখোমুখি হবে মরক্কো।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ