প্রিন্ট এর তারিখ : ১৪ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬
ব্রাজিলকে কাঁপানো মরক্কোর বিস্ময়বালক আইয়ুব বুয়াদ্দি
ঢাকা নিউজ ডেস্ক ||
মেটলাইফ স্টেডিয়ামে ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপের ঐতিহাসিক অভিষেকেই মাঝমাঠ আগলে রেখে সব আলো কেড়ে নিয়েছেন মরক্কোর ১৮ বছর বয়সী উদীয়মান তারকা আইয়ুব বুয়াদ্দি। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিরুদ্ধে ১-১ গোলের রোমাঞ্চকর ড্রয়ের এই ম্যাচে লিলের এই মিডফিল্ডারের দুর্দান্ত পারফরম্যান্স অবশ্য মরক্কো কোচ মোহাম্মদ ওয়াহবির কাছে মোটেও বিস্ময়কর মনে হয়নি। ম্যাচের ২১তম মিনিটে ইসমাইল সাইবারির গোলে মরক্কো এগিয়ে গেলেও ১১ মিনিট পরই সেলেসাওদের সমতায় ফেরান ভিনিসিউস জুনিয়র।ফরাসি যুব দল এবং গত মার্চে ফ্রান্সের অনূর্ধ্ব-২১ দলের প্রতিনিধিত্ব করা বুয়াদ্দির বাবা-মায়ের জন্মসূত্রে মরক্কোর মূল জাতীয় দলে অভিষেক হলো। ম্যাচ-পরবর্তী ‘সোফাস্কোর’-এর তথ্য অনুযায়ী, তিনি মরক্কোর হয়ে সবচেয়ে বেশি ৮৭ বার বল স্পর্শ করেছেন, ৬০টি নিখুঁত পাস দিয়েছেন এবং ৩টি সফল ড্রিবলিং করেছেন। লিলের এই মিডফিল্ডার প্রথমার্ধে ব্রাজিলের কাসেমিরোকে বোতলবন্দি করে রাখেন এবং দ্বিতীয়ার্ধে ফাবিনহোর বিপক্ষেও মাঝমাঠের দখল নিজের নিয়ন্ত্রণে নেন।ম্যাচ শেষে মরক্কো কোচ মোহাম্মদ ওয়াহবি বলেন, তিনি শুধু খেলোয়াড়দের পারফরম্যান্স দেখেন, বয়স নয়। তরুণ বুয়াদ্দিকে শুরুর একাদশে রাখা কোনো হঠকারী বা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত ছিল না উল্লেখ করে কোচ স্পষ্ট জানিয়ে দেন, এই তরুণের ক্ষমতার ওপর তার পূর্ণ আস্থা ছিল।বুয়াদ্দির এই পারফরম্যান্স বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের নজর কেড়েছে। ম্যাচ শেষে ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ ম্যাচসেরা খেলোয়াড়ের নাম জানতে চাইলে সিংহভাগ মন্তব্যেই বুয়াদ্দির নাম উঠে আসে এবং ব্রাজিলের বিপক্ষে তার আত্মবিশ্বাস ও নিখুঁত পাসিংয়ের ভূয়সী প্রশংসা করা হয়। আগামী ১৯ জুন ফক্সবরোতে গ্রুপ ‘সি’-এর দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের এবং তার পাঁচ দিন পর আটলান্টায় হাইতির মুখোমুখি হবে মরক্কো।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ