প্রিন্ট এর তারিখ : ১৪ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬
গ্রেফতারকৃত বেনজীর আহমেদের কাছে একাধিক দেশের পাসপোর্ট
ঢাকা নিউজ ডেস্ক ||
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেফতার হওয়া বাংলাদেশের পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের কাছে একাধিক দেশের পাসপোর্ট পাওয়া গেছে। রোববার (১৪ জুন) দুবাইয়ের একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে যে, বাংলাদেশের পাসপোর্ট ছাড়াও তার কাছে পর্তুগালের পাসপোর্ট রয়েছে। একই সঙ্গে তার কাছে সংযুক্ত আরব আমিরাতে বসবাসের অনুমতিপত্রও (রেসিডেন্স পারমিট) পাওয়া গেছে।এর আগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় গত ১২ জুন দুবাইতে পা রাখলে সেখানে বেনজীর আহমেদকে গ্রেফতার করা হয় এবং বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাংলাদেশ পুলিশের দায়িত্বশীল একাধিক কর্মকর্তাও বেনজীর আহমেদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক কর্মকর্তা জানান, গত ১২ জুন দুবাই ইন্টারপোল থেকে বাংলাদেশ পুলিশের কাছে একটি চিঠি আসে, যাতে বেনজীর আহমেদ গ্রেফতার হওয়ার কথা জানানো হয়।উল্লেখ্য, দুদকের মামলায় ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে ইন্টারপোলের মাধ্যমে বেনজীর আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ ও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। সেই পরোয়ানার ভিত্তিতেই তাকে দুবাই পুলিশ গ্রেফতার করে। সাবেক এই আইজিপি গ্রেফতার হওয়ার বিষয়টি ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে এবং তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ