প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬
রমেক হাসপাতালে জামায়াতের তিন এমপির পরিদর্শন
ঢাকা নিউজ ডেস্ক ||
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের (রমেক) অধিকাংশ গুরুত্বপূর্ণ রোগনির্ণয় যন্ত্র বছরের পর বছর অচল পড়ে থাকায় চিকিৎসাসেবায় মারাত্মক সংকট দেখা দিয়েছে। এর ফলে প্রতিদিন হাজারো মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন এবং অতিরিক্ত অর্থ ব্যয় করে বেসরকারি প্রতিষ্ঠানে পরীক্ষা-নিরীক্ষা করাতে বাধ্য হচ্ছেন। হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলালের নেতৃত্বে জামায়াতের তিন সংসদ সদস্যের একটি প্রতিনিধি দল রোববার সকালে হাসপাতাল পরিদর্শনে গিয়ে এই চিত্র দেখতে পান।পরিদর্শনকালে তাদের সঙ্গে ছিলেন রংপুর-৫ আসনের সংসদ সদস্য গোলাম রব্বানী, রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী এবং হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান। সংসদ সদস্যরা জরুরি বিভাগ, বিভিন্ন ওয়ার্ড ও রোগনির্ণয় যন্ত্রপাতি সংরক্ষণ কক্ষ ঘুরে দেখেন। এ সময় দেখা যায়, বহু মূল্যবান যন্ত্রপাতি দীর্ঘদিন ধরে অচল অবস্থায় রয়েছে এবং কক্ষগুলোতে ধুলোবালি ও ময়লা জমে দুর্গন্ধ ছড়াচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, অচল যন্ত্রপাতির মধ্যে ২০টি এক্স-রে, ২টি সিটি স্ক্যান, ২টি এমআরআই এবং ৮টি আলট্রাসনোগ্রাম মেশিন সম্পূর্ণ মেরামতযোগ্য নয়।হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা অভিযোগ করেন, পরীক্ষা-নিরীক্ষার জন্য তাদেরকে বাধ্য হয়ে হাসপাতালের বাইরে যেতে হচ্ছে। এতে গরিব মানুষের সময় ও অর্থ দুটোরই অপচয় হচ্ছে এবং অনেকে টাকা জোগাড় করতে না পেরে পরীক্ষাই করাতে পারছেন না। এছাড়া হাসপাতালে জনবল কম থাকার সুযোগে কিছু অসাধু দালাল রোগীদের বিভ্রান্ত করে বাইরে নিয়ে যাচ্ছে। সম্প্রতি এক ইন্টার্ন চিকিৎসকের বিরুদ্ধে লাশ আটকে রেখে মৃত ব্যক্তির ছেলেকে কান ধরে ওঠবস করানোর যে অভিযোগ উঠেছে, পরিদর্শনকালে সংসদ সদস্যরা তার তীব্র সমালোচনা করে বলেন, এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।পরিদর্শন শেষে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাহবুবুর রহমান বেলাল বলেন, দীর্ঘদিনের জনবল ও যন্ত্রপাতি সংকট, অব্যবস্থাপনা এবং তদারকির অভাবে উত্তরবঙ্গের প্রধান এই হাসপাতালের সেবার মান ব্যাহত হচ্ছে। জনবল সংকটের কারণে কোটি কোটি টাকার যন্ত্রপাতি অকেজো হয়ে পড়ে থাকার সুযোগে একটি দালালচক্র সক্রিয় হয়ে উঠেছে। এই সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি হাসপাতালের সার্বিক সমস্যা ইতোমধ্যে জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ে লিখিতভাবে জানানো হয়েছে।রংপুর-৫ আসনের সংসদ সদস্য গোলাম রব্বানী জানান, তিনি ব্যক্তিগতভাবে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন। আগামী অর্থবছরের বাজেট বাস্তবায়নের পর ধাপে ধাপে এসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস পাওয়া গেছে। অন্যদিকে, রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী চিকিৎসাসেবার বর্তমান চিত্রকে অত্যন্ত হতাশাজনক আখ্যা দিয়ে স্বাস্থ্যমন্ত্রীকে রংপুরে এসে নিজ চোখে পরিস্থিতি দেখার আহ্বান জানান।হাসপাতাল সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন ধরে অচল যন্ত্রপাতি সরিয়ে নতুন মেশিন স্থাপনের প্রয়োজনীয়তা তুলে ধরে একাধিকবার চিঠি পাঠানো হলেও আমলাতান্ত্রিক জটিলতার কারণে নতুন যন্ত্রপাতি স্থাপনের উদ্যোগ বারবার বাধাগ্রস্ত হচ্ছে। বর্তমানে প্রয়োজনীয় জনবল ও সচল যন্ত্রপাতির অভাবে হাসপাতালের ওপর বাড়তি চাপ সৃষ্টি হচ্ছে, যার দ্রুত সমাধান না হলে উত্তরাঞ্চলের স্বাস্থ্যসেবায় সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা রয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ