প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬
পুলিশ এড়িয়ে চোর দমনে ইউপি সদস্য, ওসির তলব
ঢাকা নিউজ ডেস্ক ||
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় চুরির অভিযোগে আটক এক যুবককে ফেসবুক লাইভে মারধর করার ঘটনা ভাইরাল হওয়ার পর আইনি সমালোচনার মুখে পড়েছেন স্থানীয় এক ইউপি সদস্য। গত শনিবার রাতে ফেঞ্চুগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ছত্রিশ গ্রামে এ ঘটনা ঘটে। আইন নিজের হাতে তুলে নিয়ে চুরির অভিযোগে আটক যুবককে প্রকাশ্য লাইভে প্লাস্টিকের পাইপ দিয়ে মারধর করার অভিযোগে সংশ্লিষ্ট ইউপি সদস্য মো. জয়নাল আহমদকে থানায় তলব করেছে পুলিশ।স্থানীয় বাসিন্দা ও ভাইরাল ভিডিও সূত্রে জানা গেছে, সম্প্রতি এলাকায় চুরির ঘটনা ব্যাপক হারে বেড়ে যাওয়ায় শনিবার রাতে এক যুবককে চুরির অভিযোগে আটক করে এলাকাবাসী ইউপি সদস্যের কাছে নিয়ে যায়। পরে গভীর রাতে গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ওই যুবককে জিজ্ঞাসাবাদ ও শাস্তি দেওয়ার ঘটনাটি ফেসবুক লাইভে প্রচার করা হয়। ভিডিওতে ইউপি সদস্য জয়নাল আহমদকে ক্ষোভ প্রকাশ করে বলতে শোনা যায়, চোরদের পুলিশে দিলে দু-চার দিন পর জামিনে বেরিয়ে এসে আবারও একই কাজ করে। এ সময় তিনি পদবি চলে যাওয়া কিংবা ফাঁসি হওয়ার ঝুঁকি নিয়ে হলেও চোরদের দমনের ঘোষণা দেন।এ বিষয়ে ইউপি সদস্য মো. জয়নাল আহমদ জানান, বারবার থানায় অভিযোগ দিয়েও সুষ্ঠু বিচার না পাওয়ায় এবং এলাকাবাসী অতিষ্ঠ হওয়ায় মুরব্বিদের নিয়ে অভিযুক্তদের ডেকে সতর্ক করা হয়েছে। এলাকায় ১০ জনের একটি সক্রিয় চোর চক্র দীর্ঘদিন ধরে পানির মোটর, এসি, তার, গরু-ছাগল, নগদ টাকা ও মসজিদের মাইকসহ বিভিন্ন মালামাল চুরি করার পাশাপাশি মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে বলে তিনি দাবি করেন। অপরাধের পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে এলে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করার প্রতিশ্রুতিও দেন তিনি। তবে সর্বশেষ ফেসবুক লাইভে এসে মারধরের ঘটনার জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন।ফেঞ্চুগঞ্জ থানার ওসি আবু জাফর মাহফুজুল করিম জানান, কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারে না বিধায় ওই ইউপি সদস্যকে থানায় ডাকা হয়েছে। বিষয়টি স্থানীয় প্রশাসন ও উপজেলা নির্বাহী কর্মকর্তাও তদন্ত করছেন। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া না গেলেও অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ