প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬
জাপানের বিপক্ষে নামার আগে ডাচ শিবিরে জোড়া সুখবর
ঢাকা নিউজ ডেস্ক ||
ভারসাম্যপূর্ণ এক দল নিয়ে ২০২৬ বিশ্বকাপ অভিযান শুরু করতে যাওয়া নেদারল্যান্ডস দল তাদের প্রথম ম্যাচের আগেই বড় স্বস্তির খবর পেয়েছে। গ্রুপ ‘এফ’-এ জাপানের বিপক্ষে বাংলাদেশ সময় রাত ২টায় মাঠে নামার আগে ইনজুরি নিয়ে শঙ্কায় থাকা দুই গুরুত্বপূর্ণ তারকা—স্ট্রাইকার মেম্পিস ডিপাই এবং গোলরক্ষক বার্ট ভারব্রুগেন এখন খেলার জন্য পুরোপুরি প্রস্তুত। দলের প্রধান কোচ রোনাল্ড কোম্যান নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে কোম্যান জানান, গত কয়েক দিন ধরে শুরুর একাদশ নিয়ে আলোচনা হলেও কৌশলগত কারণে তিনি তা এখনই প্রকাশ করবেন না। তবে মেম্পিস ডিপাই সম্পূর্ণ ফিট এবং তার শুরুর একাদশে থাকার মতো অবস্থা রয়েছে। ডিপাইকে দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ উল্লেখ করে কোচ আশাবাদ ব্যক্ত করেন যে, বিশ্বকাপে দলের ভালো করার পেছনে এই অভিজ্ঞ স্ট্রাইকার বড় ভূমিকা রাখবেন।অন্যদিকে, উজবেকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়ায় এক নম্বর গোলরক্ষক বার্ট ভারব্রুগেনকে নিয়ে ডাচ শিবিরে গভীর শঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু সব শঙ্কা উড়িয়ে দিয়ে বার্ট গত দুই দিন নিয়মিত অনুশীলন করেছেন এবং জাপানের বিপক্ষে মাঠে নামার জন্য পুরোপুরি প্রস্তুত আছেন বলে কোচ নিশ্চিত করেছেন।রক্ষণ ও মিডফিল্ডের দিক থেকে টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল হিসেবে বিবেচিত নেদারল্যান্ডসের আক্রমণভাগ নিয়ে কিছুটা আলোচনা থাকলেও, প্রথম ম্যাচের আগে দুই প্রধান তারকার ফিট হয়ে ওঠা ডাচ শিবিরে বাড়তি আত্মবিশ্বাস যোগ করেছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ