প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬
ইরান চুক্তি নিয়ে ট্রাম্প-পুতিনের ফোনালাপ
ঢাকা নিউজ ডেস্ক ||
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৮০তম জন্মদিন উপলক্ষে তাকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফোনালাকালে দুই বিশ্বনেতা ইউক্রেন ও ইরান পরিস্থিতি এবং ওয়াশিংটনের বিশেষ দূতদের আসন্ন রাশিয়া সফরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করেছেন। রোববার ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে ক্রেমলিনের বরাত দিয়ে এই তথ্য জানানো হয়।ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উশাকভ সাংবাদিকদের জানান, টেলিফোন আলাপে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান খসড়া সমঝোতা স্মারকের বিভিন্ন দিক নিয়ে দুই নেতার মধ্যে কথা হয়েছে। আলাপকালে ডোনাল্ড ট্রাম্প পুতিনকে জানিয়েছেন যে, ইরানের সঙ্গে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরের খুব কাছাকাছি রয়েছে ওয়াশিংটন।উশাকভ আরও জানান, ইরান বিষয়ক প্রক্রিয়ার সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত মার্কিন প্রেসিডেন্টের বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার শিগগিরই রাশিয়া সফরে যাবেন। পুতিন ও ট্রাম্প উভয়েই এই দুই মার্কিন দূতের আসন্ন মস্কো সফরের বিষয়ে একমত হয়েছেন।এর আগে, একই দিনে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে চুক্তিটি আজই (রোববার) স্বাক্ষর হওয়ার কথা রয়েছে এবং চুক্তি সইয়ের পরপরই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’ সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। গত এপ্রিলের যুদ্ধবিরতির পর থেকে আলোচনা বারবার বিলম্বিত হলেও ট্রাম্প দাবি করছেন যে একটি বড় সাফল্য খুব দ্রুতই আসছে। তবে ট্রাম্পের এই দ্রুত চুক্তি স্বাক্ষরের সময়সীমা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা কিছুটা সন্দেহ প্রকাশ করেছেন।অন্যদিকে, ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, এই চুক্তির বিষয়ে তেহরান এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা ঘোষণা দেয়নি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই শনিবার জানিয়েছেন, চুক্তি সইয়ের নির্দিষ্ট তারিখ এখনও নির্ধারিত হয়নি এবং এটি রোববার হচ্ছে না। তবে ইরানি কর্মকর্তারাও স্বীকার করেছেন যে চুক্তিটি চূড়ান্ত হওয়ার কাছাকাছি রয়েছে এবং এই বিষয়ে এখনো আলোচনা অব্যাহত আছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ