প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬
দিল্লির বিমানবন্দরে আটকে দেওয়া হলো প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে
ঢাকা নিউজ ডেস্ক ||
ভারত সফরে গিয়ে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের বাধার মুখে পড়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। রোববার সন্ধ্যায় বিমানবন্দরে তাকে আড়াই ঘণ্টা আটকে রাখা হয়। পরবর্তী সময়ে উচ্চ মহলের নির্দেশে দিল্লিতে প্রবেশের অনুমতি দেওয়া হলেও তিনি সেখানে প্রবেশ না করে কলম্বো হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।রোববার ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮-এর একটি প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে প্রতিবেদনে জানানো হয়, সোমবার থেকে দিল্লিতে অনুষ্ঠেয় ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) জ্যেষ্ঠ কর্মকর্তাদের দুই দিনের বৈঠকে অংশ নিতে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতা হিসেবে তিনি রোববার সন্ধ্যায় দিল্লি পৌঁছান। নিয়মিত ইমিগ্রেশন প্রক্রিয়ার সময় নিরাপত্তাসংক্রান্ত একটি নজরদারি তালিকায় (ওয়াচলিস্ট) তার নাম শনাক্ত হওয়ায় তাকে অতিরিক্ত যাচাইয়ের জন্য বিমানবন্দরে আটকে রাখা হয়।জানা গেছে, ওই বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতা হিসেবে উপদেষ্টার অংশগ্রহণের বিষয়টি গত শুক্রবারই দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন আনুষ্ঠানিকভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করেছিল। কিন্তু দিল্লি বিমানবন্দরে অবতরণের পর রহস্যজনক কারণে তাকে আড়াই ঘণ্টা বসিয়ে রাখা হয় এবং তাকে দিল্লিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে কি না তা স্পষ্ট করা হয়নি। এমন পরিস্থিতিতে ডা. জাহেদ উর রহমান নিজেই দেশে ফেরার সিদ্ধান্ত নেন এবং রাতেই দিল্লি থেকে কলম্বোর উদ্দেশ্যে রওনা হন। সোমবার দুপুরের আগেই তার দেশে পৌঁছানোর কথা রয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ