প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬
ইয়োকেরেশের গোল: তিউনিসিয়ার বিপক্ষে আবারও সুইডেনের জোড়া গোলের লিড
ঢাকা নিউজ ডেস্ক ||
আট বছর পর ফুটবল বিশ্বকাপে ফিরে নিজেদের প্রথম ম্যাচেই তিউনিসিয়ার বিপক্ষে দারুণ দাপট দেখাচ্ছে ইউরোপের দেশ সুইডেন। ম্যাচের দ্বিতীয়ার্ধে ভিক্টর ইয়োকেরেশের চমৎকার গোলে আফ্রিকান দলটির বিপক্ষে আবারও ২ গোলের ব্যবধানে এগিয়ে গেছে সুইডিশরা। তিউনিসিয়ার রক্ষণের মারাত্মক ভুলে বল পেয়ে যান আলেক্সান্ডার ইসাক এবং তার বাড়ানো বল থেকে বক্সের ডান পাশ দিয়ে দূরের পোস্টে জোরালো শটে বল জালে জড়ান ইয়োকেরেশ। তিউনিসিয়ান গোলরক্ষক মুহিব শামাখের পক্ষে এই শট ঠেকানো সম্ভব হয়নি, যার ফলে ম্যাচের ৬১ মিনিটে ৩-১ ব্যবধানে লিড নেয় সুইডেন।এর আগে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলেছে সুইডেন এবং এগিয়ে যেতে তারা সময় নেয় মাত্র ৬ মিনিট। বক্সের জটলার ভেতর তিউনিসিয়ার গোলরক্ষক প্রথম চেষ্টা রুখে দিলেও ফিরতি শটে গোল করতে ভুল করেননি সুইডিশ ফুটবলার ইয়াসিন আয়ারি। গোল হজম করার মাত্র ২ মিনিটের মাথায় ম্যাচে ফেরার দুর্দান্ত সুযোগ তৈরি করেছিল তিউনিসিয়া, তবে সুইডেনের গোলরক্ষক ক্রিস্টোফার নর্ডফেল্ডের জোড়া সেভের কারণে সে যাত্রায় বেঁচে যায় দলটি।ম্যাচের ২৯তম মিনিটে বাম পাশ দিয়ে একক আক্রমণে উঠে এক ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ এক জোরালো শটে সুইডেনের পক্ষে দ্বিতীয় গোলটি করেন আলেক্সান্ডার ইসাক। প্রথমার্ধের নির্ধারিত সময়ের মাত্র ৩ মিনিট আগে অর্থাৎ ৪৩ মিনিটে তিউনিসিয়া নিজেদের প্রথম অন-টার্গেট শটেই গোলের দেখা পায়। ডান পাশ থেকে ভেসে আসা এক নিখুঁত ক্রসে ওমার রেকিকের চমৎকার হেডার সুইডিশ গোলরক্ষককে ফাঁকি দিয়ে জালে জড়ালে প্রথমার্ধে ব্যবধান কমে দাঁড়ায় ২-১। তবে বিরতির পর ইয়োকেরেশের এই গোল তিউনিসিয়াকে আবারও ব্যাকফুটে ঠেলে দিয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ