প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির ঘোষণায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে রেকর্ড পতন
ঢাকা নিউজ ডেস্ক ||
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতের অবসান ঘটাতে একটি ঐতিহাসিক সমঝোতা হওয়ার ঘোষণার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন হয়েছে। আন্তর্জাতিক তেলের প্রধান মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ৪ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি প্রায় ৮৩ দশমিক ৭০ ডলারে নেমে এসেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের জ্বালানি তেলের অপর ব্র্যান্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৪ দশমিক ৮ শতাংশ কমে প্রতি ব্যারেল বর্তমানে ৮১ ডলারে বিক্রি হচ্ছে।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে প্রথম ইরানের সঙ্গে এই সমঝোতায় পৌঁছানোর এবং হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণা দেন। বৈশ্বিক জাহাজ পরিবহন খাতকে উদ্দেশ করে তিনি তেল প্রবাহ আবার শুরু করার আহ্বান জানান। তবে পরবর্তী সময়ে এক বিবৃতিতে ট্রাম্প স্পষ্ট করেন যে, হরমুজ প্রণালিটি তাৎক্ষণিকভাবে খোলা হবে না, বরং চুক্তিটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরের দিনই এটি পুনরায় চালু করা হবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছেন, তার সরকারের মধ্যস্থতায় হওয়া এই চুক্তিটি আগামী ১৯ জুন আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।বিশ্ববাজারে তেলের দাম কমার পাশাপাশি এই চুক্তির ইতিবাচক প্রভাবে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শেয়ারবাজারগুলোতে বড় ধরনের উত্থান দেখা গেছে। জাপানের নিক্কেই ২২৫ সূচক সকালে লেনদেনের শুরুতেই ৫ শতাংশের বেশি বেড়েছে এবং দক্ষিণ কোরিয়ার কসপি সূচকও ৫ দশমিক ৭ শতাংশ পর্যন্ত লাফিয়েছে। এ ছাড়া তাইওয়ানের তাইএক্স সূচক ২ দশমিক ৭ শতাংশ এবং অস্ট্রেলিয়ার এএসএক্স ২০০ সূচক প্রায় ১ দশমিক ৫ শতাংশ উঁচুতে উঠেছে। পাশাপাশি নিয়মিত লেনদেন সময়ের বাইরে কেনাবেচা হওয়া যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারের এসঅ্যান্ডপি ৫০০ ফিউচার প্রায় ১ শতাংশ এবং প্রযুক্তিনির্ভর নাসডাক কম্পোজিট ফিউচার প্রায় ১ দশমিক ৬ শতাংশ বেড়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ