প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬
এক ম্যাচে দুইবার শাস্তি পেল ভারতের 'এ' দল
ঢাকা নিউজ ডেস্ক ||
শ্রীলঙ্কা সফরে ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কা 'এ' দলের বিপক্ষে পিচের সংরক্ষিত অংশে (ডেঞ্জার জোন) বারবার দৌড়ানোর অপরাধে এক ম্যাচেই দুইবার শাস্তির মুখে পড়েছে ভারত 'এ' দল। দুই দফায় একই ভুলের পুনরাবৃত্তি করায় দলটিকে ৫ রান করে মোট ১০ রানের পেনাল্টি বা শাস্তি দেওয়া হয়।সোমবার ডাম্বুলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ চলাকালীন ভারতের ব্যাটসম্যান বিপরাজ নিগম দুইবার পিচের সংরক্ষিত অংশ দিয়ে দৌড়ান। ম্যাচের ৩৪তম এবং ৩৭তম ওভারে অন-ফিল্ড আম্পায়ার প্রাগীথ রাম্বুকওয়েলা ও শান্তা ফনসেকা আনুষ্ঠানিকভাবে ভারতকে এই শাস্তি দেন। এর আগে আম্পায়াররা সতর্ক করলেও ৩৭তম ওভারে নিগম শর্ট থার্ড ম্যানের দিকে বল খেলে রান নেওয়ার চেষ্টা করেন এবং নন-স্ট্রাইকার সূর্যাংশ শেঢগে তাকে ফিরিয়ে দিলে দ্রুত ক্রিজে ফেরার সময় আবারও পিচের মাঝখান দিয়ে দৌড়ে নিয়ম ভাঙেন। ফলে প্রতিপক্ষ শ্রীলঙ্কা 'এ' দল তাদের স্কোরবোর্ডে অতিরিক্ত ১০ রান যোগ করে লক্ষ্য তাড়ায় নামে।অবশ্য এই ভুলের পরও ম্যাচের কঠিন পরিস্থিতিতে ভারতের ইনিংসে গুরুত্বপূর্ণ অবদান রাখেন বিপরাজ নিগম। দল যখন ১৪৩ রানে ৭ উইকেট হারিয়ে চরম চাপে, তখন অষ্টম উইকেটে সূর্যাংশ শেঢগের সঙ্গে ১০৪ রানের চমৎকার এক জুটি গড়েন তিনি। নিগম শেষ পর্যন্ত ৪৯ বলে ৫১ রান করে রান আউট হন এবং শেঢগে ৬৬ বলে ৭২ রানের ইনিংস খেললে ভারত 'এ' দল ৪৯.২ ওভারে ২৬৫ রানে অলআউট হয়। জবাব দিতে নেমে শেষ খবর পাওয়া পর্যন্ত, ২৮ ওভার শেষে ৫ উইকেটে ১৭৫ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা 'এ' দল। জয়ের জন্য তাদের শেষ ২২ ওভারে আরও ৯১ রান প্রয়োজন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ