প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬
ভূমিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সাক্ষাৎ
ঢাকা নিউজ ডেস্ক ||
ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন সাক্ষাৎ করেছেন। সোমবার মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিসকক্ষে এ দ্বিপাক্ষিক সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং এ সময় প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন উপস্থিত ছিলেন।সাক্ষাৎকালে ভূমিমন্ত্রী বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও সুদৃঢ় সম্পর্ক বিদ্যমান রয়েছে। তিনি শিক্ষা, প্রযুক্তিগত সহযোগিতা, বৃত্তিমূলক প্রশিক্ষণ এবং গবেষণার ক্ষেত্রে দুই দেশের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ও সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান।প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনা ও এর আধুনিকীকরণের বিভিন্ন পরিকল্পনার ব্যাপারে মার্কিন রাষ্ট্রদূতকে অবহিত করেন। ভূমিসেবা আধুনিকীকরণের কার্যক্রমকে বাংলাদেশের অসাধারণ অর্জন হিসেবে উল্লেখ্য করে প্রতিমন্ত্রী বলেন, সার্ভিস ডিজিটালাইজেশন জনগণকে ক্ষমতায়িত করে এবং সরকারি উদ্যোগের স্বচ্ছতা বাড়ায়, কারণ এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বহুলাংশে কমে যায়। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে যুক্তরাষ্ট্র যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, নির্বাচিত সরকারের দায়িত্ব গ্রহণ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ধারাকে আরও গতিশীল করবে। গণতন্ত্রকে সুসংহত করা, মানবাধিকার সুরক্ষা এবং আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে অতীতে যুক্তরাষ্ট্র যেভাবে সহযোগিতা করেছে, ভবিষ্যতেও সেই সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন। এই সাক্ষাৎকালে ভূমি মন্ত্রণালয় ও যুক্তরাষ্ট্র দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ