প্রিন্ট এর তারিখ : ০২ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬
মিঠামইন উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদকের হামলায় আহত কৃষকের মৃত্যু
ফরহাদ হোসেন রাজ , কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি ||
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় দুই গ্রামের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটা ভয়াবহ সংঘর্ষে আহত কৃষক রহম আলী (৫০) মারা গেছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রহম আলী উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নের লাউকুড়া গ্রামের বাসিন্দা।ঘটনার বিবরণে জানা যায়, গত ২৩ মার্চ ২০২৬ তারিখে পার্শ্ববর্তী হেমন্তগঞ্জ গ্রাম থেকে উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক নজির মিয়া ও সজীব মিয়ার নেতৃত্বে ৪০০ থেকে ৫০০ লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে লাউকুড়া গ্রামের চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জড়ো হয়। অভিযোগ রয়েছে, মৎস্যজীবী দল নেতার নির্দেশে তারা সাবেক চেয়ারম্যান কাসেম মিয়ার বাড়িতে অতর্কিত হামলা চালায়। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন।গুরুতর আহত চারজনের মধ্যে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং রহম আলীসহ অন্য একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। দীর্ঘ ১০ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আজ দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রহম আলী। ঘটনার পর মিঠামইন থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানিয়েছেন, "মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পূর্বের সংঘর্ষের মামলায় এখন ৩০২ ধারা যুক্ত করে সেটিকে হত্যা মামলায় রূপান্তর করা হবে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আসামিদের গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।"লাউকুড়া ও হেমন্তগঞ্জ গ্রামের এই রক্তক্ষয়ী সংঘর্ষ এবং মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় চরম উত্তেজনা ও শোকের ছায়া বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ