প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬
বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ
ঢাকা নিউজ ডেস্ক ||
বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল। সোমবার দুপুরে জাতীয় সংসদ ভবনে অবস্থিত বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এই দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে মূলত রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা ও জ্বালানি খাতের উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় দেশের দক্ষতা উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে অস্ট্রেলিয়া সরকারের সম্ভাব্য সহযোগিতা, বিরোধীদলীয় নেতার আসন্ন অস্ট্রেলিয়া সফর এবং সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করার বিভিন্ন উপায় নিয়ে উভয় পক্ষ নিজেদের মধ্যে মতবিনিময় করেন।আলোচনায় জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে গণতন্ত্রকে আরও অর্থবহ করে তুলতে সরকার ও বিরোধী দলের ভূমিকা নিয়ে কথা হয়, যেখানে বিরোধী দলের সক্রিয় অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র কার্যকর হতে পারে না বলে অভিমত ব্যক্ত করা হয়। এর পাশাপাশি উভয় পক্ষ ঘোষিত জাতীয় বাজেট ও বিরোধী দলের প্রস্তাবিত ছায়া বাজেট নিয়েও আলোচনা করেন এবং আলোচনার এক পর্যায়ে অস্ট্রেলিয়ার হাইকমিশনার সংসদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন।এই সৌজন্য সাক্ষাৎকালে অস্ট্রেলিয়ান হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (রাজনৈতিক) মি. হ্যারি থমসন এবং ফার্স্ট সেক্রেটারি (রাজনৈতিক) অ্যানা পিটারসন উপস্থিত ছিলেন। অন্যদিকে বিরোধীদলীয় নেতার সঙ্গে উপস্থিত ছিলেন তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান, সংসদ সদস্য মারজিয়া আক্তার ও মারদিয়া মমতাজ এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা দলের সদস্য আলী আহমাদ মাবরুর।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ