প্রিন্ট এর তারিখ : ১৮ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬
ক্রোয়েশিয়াকে মোকাবিলা করে ইংল্যান্ডের বিশ্বকাপ মিশন
ঢাকা নিউজ ডেস্ক ||
ছয় দশকের দীর্ঘ শিরোপার আক্ষেপ ঘোচানোর স্বপ্ন নিয়ে উত্তর আমেরিকা বিশ্বকাপে যাত্রা শুরু করতে যাচ্ছে ১৯৬৬ সালের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। ডালাসে বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ২টায় ‘এল’ গ্রুপের ম্যাচে তাদের প্রথম কঠিন পরীক্ষা নিতে প্রস্তুত ২০১৮ বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়া।বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণার সময় বেশ কিছু চমক দিয়েছেন ইংল্যান্ডের কোচ টমাস টুখেল। ফিল ফোডেন, কোল পামার, হ্যারি ম্যাগুইয়ার কিংবা ট্রেন্ট অ্যালেকজান্ডার-আর্নল্ডের মতো পরিচিত তারকাদের ছাড়াই ঘোষিত এই দল বাছাইপর্বের আট ম্যাচের সবকটিতেই জয় তুলে নিয়ে গ্রুপসেরা হয়েছিল।ম্যাচের দিন ৩৬ বছরে পা দিতে যাওয়া ইংল্যান্ডের অভিজ্ঞ মিডফিল্ডার জর্ডান হেন্ডারসন মনে করেন, নতুন কোচের দল নির্বাচন দলের ঐক্য ও রসায়ন আরও শক্তিশালী করবে। তিনি দল হিসেবে ঐক্যবদ্ধ থেকে মাঠে নেমে নিজেদের সামর্থ্য দেখানোর অপেক্ষার কথা জানান।ক্রোয়েশিয়ার বিপক্ষে ইংল্যান্ডের স্মৃতি বেশ মিশ্র, যেখানে ২০০৪ সালের পর বড় টুর্নামেন্টের চার সাক্ষাতে দুইবার ইউরোতে জিতেছে ইংল্যান্ড। তবে ২০১৮ বিশ্বকাপের সেমিফাইনালে অতিরিক্ত সময়ে ২-১ গোলে জিতে ইংলিশদের বিশ্বকাপ স্বপ্ন ভেঙেছিল ক্রোয়েশিয়া।২০১৮ সালের ফাইনালে ওঠা এবং ২০২২ কাতার বিশ্বকাপের সেমিফাইনালে খেলা ক্রোয়েশিয়ার মাঝমাঠের নেতৃত্বে এবারও থাকবেন দলের প্রাণভোমরা লুকা মদ্রিচ। চোট কাটিয়ে দেশের হয়ে ২০০তম ম্যাচ খেলার অপেক্ষায় থাকা এই অভিজ্ঞ তারকা দলীয় ঐক্যের ওপর ভরসা রেখে যেকোনো দলের সঙ্গে লড়াই করার আত্মবিশ্বাস ব্যক্ত করেছেন।ইংল্যান্ড কোচ টমাস টুখেলও মনে করেন লুকা মদ্রিচ এবং মাতেও কোভাচিচকে ঘিরেই আবর্তিত হবে ক্রোয়েশিয়ার খেলা। সেই সঙ্গে প্রতিপক্ষের শক্তিশালী রক্ষণভাগ এবং ইভান পেরিসিচের আক্রমণাত্মক হুমকির পাশাপাশি তাদের অভিজ্ঞতা, আবেগ ও ঐতিহ্যকে সমীহ করছেন তিনি।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ