প্রিন্ট এর তারিখ : ১৮ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬
ক্রোয়েশিয়াকে হারিয়ে শুভসূচনা করল ইংল্যান্ড
ঢাকা নিউজ ডেস্ক ||
ছয় দশকের শিরোপার আক্ষেপ ঘোচানোর স্বপ্ন নিয়ে উত্তর আমেরিকা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি হয়েছে ১৯৬৬ সালের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। ডালাসের এই হাইভোল্টেজ ম্যাচে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলের বড় ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করেছে ‘থ্রি লায়ন্স’রা।ম্যাচের শুরু থেকেই দুই ইউরোপীয় শক্তির আক্রমণ-পাল্টা আক্রমণে উত্তাপ ছড়ায়। ম্যাচের ১১ মিনিটে ডি বক্সে লুকা মদ্রিচ ফাউল করলে পেনাল্টি পায় ইংল্যান্ড এবং সেই পেনাল্টি থেকে গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন।পিছিয়ে পড়ে ম্যাচে ফিরতে মরিয়া ক্রোয়েশিয়া ৩৬ মিনিটে সমতায় ফেরে। বক্সের বাইরে থেকে দারুণ এক শটে লক্ষ্যভেদ করে স্কোরলাইন ১-১ করেন মার্তিন বাতুরিনা।সমতায় ফেরার পর ইংল্যান্ডকে অবশ্য বেশিক্ষণ আটকে রাখা যায়নি। কর্নার থেকে উড়ে আসা বলে হেডের মাধ্যমে হ্যারি কেইন ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করলে আবারও ২-১ ব্যবধানে এগিয়ে যায় ইংল্যান্ড। তবে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে দুর্দান্ত এক আক্রমণ থেকে গোল করে বিরতিতে যাওয়ার ঠিক আগে ২-২ সমতায় ফেরে ক্রোয়েশিয়া।দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের ৪৭ মিনিটে ডান প্রান্ত দিয়ে বল নিয়ে বক্সে ঢুকে ক্রোয়েশিয়ার জালে বল জড়ান জুড বেলিংহাম। তাঁর এই চমৎকার গোলে ইংল্যান্ড ম্যাচে ৩-২ ব্যবধানে এগিয়ে যায়।ম্যাচের শেষ দিকে ৮৫ মিনিটে বদলি হিসেবে মাঠে নেমে ইংল্যান্ডের হয়ে চতুর্থ গোলটি করেন ইংলিশ তারকা মার্কাস রাশফোর্ড। এই গোলের সূত্র ধরেই ক্রোয়েশিয়ার বিপক্ষে ৪-২ ব্যবধানে বড় জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে ইংল্যান্ড।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ