প্রিন্ট এর তারিখ : ১৮ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
ঢাকা নিউজ ডেস্ক ||
উত্তর আমেরিকা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জয় দিয়ে অভিযান শুরু করতে টরেন্টো স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ‘এল’ গ্রুপের দুই দল ঘানা ও পানামা। আক্রমণ ও পাল্টা আক্রমণের এই হাড্ডাহাড্ডি লড়াইয়ে পানামাকে ১-০ গোল ব্যবধানে হারিয়ে পূর্ণ পয়েন্ট তুলে নিয়েছে আফ্রিকার দেশ ঘানা।কনকাকাফ অঞ্চলের বাছাই পর্বে অপরাজিত থেকে আসা পরিণত পানামা এবং আফ্রিকার বাছাই পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আসা ঘানার প্রথমার্ধের খেলাটি ছিল সমানে সমান। বল দখল ও আক্রমণে দুই দলই সমান তালে এগিয়ে গেলেও রক্ষণভাগের সতর্কতা ও দৃঢ়তার কারণে ম্যাচের ৩১ মিনিট এবং পরবর্তী প্রথমার্ধের খেলা শেষ হওয়া পর্যন্ত কোনো দলই গোলের দেখা পায়নি।বিরতির পর দ্বিতীয়ার্থের শুরুতেই বড় ধাক্কা খায় ঘানা। দলটির মূল গোলরক্ষক আতি-জিগি লরেন্স চোটে পড়ায় তাঁকে মাঠ ছাড়তে বাধ্য হতে হয় এবং তাঁর পরিবর্তে গোলবারের দায়িত্ব সামলাতে নামেন আরেক গোলরক্ষক বেঞ্জামিন আসারে।এরপর নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষে ম্যাচ যখন গোলশূন্য ড্রয়ের দিকে এগোচ্ছিল, ঠিক তখনই আসে সেই নাটকীয় মুহূর্ত। অতিরিক্ত ৪ মিনিটের খেলা চলাকালীন মাঠের বাম প্রান্ত থেকে ওঠা এক দুর্দান্ত কাউন্টার অ্যাটাক থেকে ঘানার হয়ে জয়সূচক গোলটি করেন ক্যালেব ইরেনকি।শেষ মুহূর্তের এই নাটকীয় গোলে ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ঘানা, আর ২০১৮ সালের সব ম্যাচ হেরে বিদায় নেওয়া পানামাকে এবারও হার দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করতে হলো।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ