প্রিন্ট এর তারিখ : ১৮ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬
রোনালদোর তীব্র সমালোচনা করলেন থিয়েরি অঁরি
ঢাকা নিউজ ডেস্ক ||
বিশ্বকাপের শুরুটা মোটেও প্রত্যাশামতো হয়নি ক্রিশ্চিয়ানো রোনালদোর এবং পর্তুগালও পায়নি কাঙ্ক্ষিত সাফল্য। দীর্ঘ ৫২ বছর পর বিশ্বকাপে ফেরা ডিআর কঙ্গোর বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ইউরোপের এই দলটি। ম্যাচের পর পর্তুগিজ অধিনায়ক রোনালদোর পারফরম্যান্স নিয়ে কঠোর সমালোচনা করেছেন ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার থিয়েরি অঁরি।ফক্স স্পোর্টসের ম্যাচ-পরবর্তী বিশ্লেষণে অঁরি বলেন, একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ—দলের গোল দরকার, আপনার ব্যক্তিগত গোল নয়। তার মতে, গোল করার অতিরিক্ত তাড়নায় রোনালদো মাঠে এমন কিছু অবস্থান নিয়েছিলেন, যা সতীর্থদের জন্য সুযোগ তৈরি করার বদলে উল্টো আক্রমণের গতি কমিয়ে দিয়েছে। বিশেষ করে ব্রুনো ফার্নান্দেসের সঙ্গে মাঠে তার সমন্বয়ের অভাব স্পষ্ট চোখে পড়েছে বলে মন্তব্য করেন অঁরি। তিনি আরও বলেন, গোল করার ইচ্ছায় সে ব্রুনো ফার্নান্দেসের পথেই চলে যাচ্ছিল, যার ফলে প্রতিপক্ষের রক্ষণভাগের জন্য পরিস্থিতি সামলানো অনেক সহজ হয়ে যায়। ব্রুনো সম্ভবত চেয়েছিলেন রোনালদো বল ছেড়ে দিয়ে সামনে দৌড়ে জায়গা তৈরি করুন, যাতে অন্যরা আক্রমণের সুযোগ নিতে পারে।ম্যাচে রোনালদোর ব্যক্তিগত পারফরম্যান্সও ছিল বেশ হতাশাজনক। পুরো ৯০ মিনিট মাঠে উপস্থিত থাকলেও প্রতিপক্ষের লক্ষ্যভেদে একটি শটও নিতে পারেননি তিনি। ম্যাচে তিনটি শট নিলেও তার সবগুলোই লক্ষ্যভ্রষ্ট হয়। আক্রমণাত্মক এলাকায় পর্তুগিজ অধিনায়ক মাত্র সাতটি পাস দেওয়ার চেষ্টা করেন। পুরো ম্যাচে ২১টি পাসের মধ্যে ১৯টি সফল হলেও গোলের সুযোগ তৈরিতে উল্লেখযোগ্য কোনো অবদান রাখতে পারেননি তিনি। তবে দুটি হেডে জয় পেয়েছেন, যা ছিল তার পুরো ম্যাচের পারফরম্যান্সের কয়েকটি ইতিবাচক দিকের একটি।বিশ্বকাপের প্রথম ম্যাচেই পয়েন্ট হারিয়ে পর্তুগাল দল এখন বেশ চাপে পড়েছে। এর ওপর রোনালদোর পারফরম্যান্স নিয়ে অঁরির এই কড়া সমালোচনা ফুটবল অঙ্গনে নতুন করে বড় আলোচনার জন্ম দিয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ