প্রিন্ট এর তারিখ : ১৮ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬
ফুটবল ও সংস্কৃতিতে আরও কাছাকাছি বাংলাদেশ-আর্জেন্টিনা
ঢাকা নিউজ ডেস্ক ||
বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যকার দ্বিপাক্ষিক ও সাংস্কৃতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করতে বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসার এই সৌজন্য সাক্ষাতে দুই দেশের সাংস্কৃতিক সহযোগিতা, সাহিত্য বিনিময়, ফুটবল কূটনীতি এবং পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির নানা বিষয় নিয়ে ইতিবাচক আলোচনা হয়।বৈঠকে দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের সূত্র ধরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও আর্জেন্টিনার প্রখ্যাত সাহিত্যিক ভিক্টোরিয়া ওকাম্পোর বন্ধুত্বের কথা স্মরণ করা হয়। রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা জানান, আর্জেন্টিনার মানুষ রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশেষভাবে চিনলেও বাংলাদেশের অন্যান্য সাহিত্যকর্ম সম্পর্কেও তাদের জানার আগ্রহ রয়েছে। তাই তিনি বাংলা সাহিত্যের নির্বাচিত রচনাগুলো এবং বাংলাদেশের আধ্যাত্মিক সাধক লালন শাহের গান স্প্যানিশ ভাষায় অনুবাদের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। একই সাথে বুয়েনস আইরেস আন্তর্জাতিক বইমেলায় বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ কামনা করেন।সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আর্জেন্টিনার সমর্থন ও দ্রুত স্বাধীনতার স্বীকৃতি দেওয়ার বিষয়টি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। দুই দেশের মধ্যে সাংস্কৃতিক সেতুবন্ধন তৈরি করতে বাংলাদেশের বাউল ঐতিহ্য এবং আর্জেন্টিনার ট্যাঙ্গো ও চ্যামামে নৃত্যের মেলবন্ধনে একটি খসড়া সাংস্কৃতিক চুক্তি দ্রুত চূড়ান্ত করার বিষয়ে আলোচনা হয়। এছাড়া আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসে বাংলাদেশের নামে একটি সড়কের নামকরণ এবং দুই দেশের শিল্পীদের নিয়ে যৌথ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করার প্রস্তাব উঠে আসে।সবচেয়ে আকর্ষণীয় উদ্যোগ হিসেবে আর্জেন্টিনার রাষ্ট্রদূত জানান, চলমান ফিফা বিশ্বকাপ উপলক্ষে আর্জেন্টিনা থেকে চারজন জনপ্রিয় সামাজিক মাধ্যমভিত্তিক কনটেন্ট নির্মাতা খুব শীঘ্রই বাংলাদেশ সফরে আসছেন। তারা বাংলাদেশের ফুটবলপ্রেমীদের উন্মাদনা ও ফুটবল সংস্কৃতি নিয়ে বিশেষ ভ্লগ তৈরি করবেন, যা আর্জেন্টিনায় প্রচার করা হবে। বৈঠকে সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলি নেওয়াজ মাহমুদ খৈয়ামসহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ