প্রিন্ট এর তারিখ : ১৯ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬
শিশুকে ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন কারাদণ্ড
ঢাকা নিউজ ডেস্ক ||
জয়পুরহাটে শিশুকে ধর্ষণের দায়ে আব্দুর রহিম ওরফে কাইল্যা মণ্ডল নামে ৫৪ বছর বয়সী এক কৃষককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকালে জয়পুরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এবং বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবদুর রহমান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আব্দুর রহিম জেলার ক্ষেতলাল উপজেলার জালিয়াপাড়া গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে এবং রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী রিনাত ফেরদৌসী রিনিত রায়ের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।মামলার বিবরণী থেকে জানা গেছে, ২০১৭ সালের ২৯ আগস্ট সকালে শিশুটি বাড়ির পাশে খেলা করার সময় কৃষক আব্দুর রহিম তাকে শসা দেওয়ার কথা বলে কৌশলে পাশের শসাখেতের ভেতরে নিয়ে ধর্ষণ করে। শিশুটি বাড়িতে ফিরে এসে অসুস্থ হয়ে পড়লে বাবা-মাকে ঘটনাটি খুলে বলে। এরপর তাকে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য জয়পুরহাটের আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়।এই ঘটনায় শিশুটির বাবা ২০১৭ সালের ৩০ আগস্ট ক্ষেতলাল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ ৮ বছরের বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত বৃহস্পতিবার এই রায় ঘোষণা করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ