প্রিন্ট এর তারিখ : ০২ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬
সংবিধান সংস্কারে গণরায়ের দাবিতে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি দিলেন জামায়াত আমির
ঢাকা নিউজ ডেস্ক ||
সংবিধান সংস্কারের দাবিতে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বুধবার সন্ধ্যায় জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, বিদ্যমান পরিস্থিতিতে আন্দোলন ছাড়া তাদের সামনে আর কোনো পথ খোলা নেই। দ্রুতই ১১ দলীয় জোটের সঙ্গে বসে আন্দোলনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান।ডা. শফিকুর রহমান বলেন, কোনো বিপ্লব বা গণ-অভ্যুত্থান নির্দিষ্ট কোনো সংবিধানের অধীনে হয় না, বরং তা জনগণের ইচ্ছা ও আকাঙ্ক্ষায় সংগঠিত হয়। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বা ৯০ দিনের মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা না মানার প্রসঙ্গ টেনে তিনি উল্লেখ করেন যে, আইনের অনেক ব্যত্যয় ঘটিয়েই দেশ আজ এই অবস্থানে এসেছে। তিনি জোর দিয়ে বলেন, আইন বা সংবিধান মানুষের জন্য, মানুষ সংবিধানের জন্য নয়। অতীতেও সংবিধানে না থাকা সত্ত্বেও গণভোটের নজির এবং তার সুফল জাতি ভোগ করেছে বলে তিনি মন্তব্য করেন।সংবিধান সংস্কারে সরকারের পক্ষ থেকে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব প্রসঙ্গে জামায়াত আমির কিছু শর্তারোপ করেছেন। তিনি বলেন, সংস্কার কমিটিতে সরকার ও বিরোধী উভয় পক্ষ থেকে সমান সংখ্যক সদস্য থাকতে হবে। সংসদের সদস্য সংখ্যার অনুপাত হারে কমিটি গঠন করা হলে সেখান থেকে ইতিবাচক ফলাফল আসার সম্ভাবনা নেই বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। এছাড়া আইনমন্ত্রী তাকে ভুলভাবে উদ্ধৃত করেছেন অভিযোগ করে তিনি পরিষ্কার করেন যে, জামায়াত 'সংবিধান সংশোধন' নয় বরং 'সংবিধান সংস্কারের' পক্ষে মত দিয়েছে।সংসদে গণভোটের দাবি অগ্রাহ্য করায় ক্ষোভ প্রকাশ করে বিরোধীদলীয় নেতা জানান, ৬৮ শতাংশ মানুষের গণরায়কে অপমান করায় তারা সংসদ থেকে ওয়াক আউট করেছেন। তিনি বলেন, সংস্কার ও সংশোধনীর মধ্যে আইনি ও পদ্ধতিগত বড় পার্থক্য রয়েছে, যা গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত। জনগণের চূড়ান্ত অভিপ্রায় ও গণভোটের রায়কে সম্মান জানিয়ে সংকট নিরসনে সরকারকে আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ