প্রিন্ট এর তারিখ : ১৯ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬
দ্বিতীয় ম্যাচের আগে ফিফা র্যাঙ্কিংয়ে এগিয়েছে ব্রাজিল
ঢাকা নিউজ ডেস্ক ||
বিশ্বকাপের চলতি আসরের প্রথম ম্যাচে ড্র করে শুরুটা সুখকর না হলেও গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচের আগে ফিফার হালনাগাদ র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে পাঁচ নম্বরে উঠে এসেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আগামী শনিবার (২০ জুন) ‘সি’ গ্রুপের ম্যাচে হাইতির বিপক্ষে মাঠে নামার আগে এই সুখবর পেল দলটি, যা তাদের শিবিরে বাড়তি উদ্দীপনা জোগাবে। ব্রাজিলের পাশাপাশি মরক্কোও র্যাঙ্কিংয়ে উন্নতি ঘটিয়ে ছয় নম্বরে জায়গা করে নিয়েছে।ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটি এখনো যথারীতি ১৮৮৯.০৬ পয়েন্ট নিয়ে লিওনেল মেসির আর্জেন্টিনার দখলেই রয়েছে। অন্যদিকে, সেনেগালকে ৩-১ গোলে হারিয়ে এক ধাপ এগিয়ে দুই নম্বরে উঠে এসেছে ফ্রান্স, যারা আর্জেন্টিনার চেয়ে মাত্র দুই পয়েন্ট পিছিয়ে আছে এবং কেপ ভার্দের সঙ্গে ১-১ ব্যবধানে ড্র করে এক ধাপ নিচে নেমে তিনে জায়গা নিয়েছে স্পেন।শীর্ষ দশে থাকা অন্য দলগুলোর মধ্যে ইংল্যান্ড চতুর্থ ও নেদারল্যান্ডস অষ্টম স্থানে অপরিবর্তিত রয়েছে; তবে জার্মানি এক ধাপ এগিয়ে নবম স্থানে উঠলেও বেলজিয়াম নেমে গেছে দশম স্থানে। এছাড়া অন্যান্য দলগুলোর মধ্যে উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে কলম্বিয়া ১১ নম্বরে, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে মেক্সিকো ১৩ নম্বরে, প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে যুক্তরাষ্ট্র ১৫তম স্থানে এবং জাপান এক ধাপ উন্নতি করে ১৭ নম্বরে উঠে এসেছে। অপরদিকে, ইংল্যান্ডের বিপক্ষে হেরে ক্রোয়েশিয়া তিন ধাপ পিছিয়ে ১৪ নম্বরে নেমে গেছে এবং ডিআর কঙ্গো তিন ধাপ এগিয়ে ৪৩ নম্বরে পৌঁছেছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ