প্রিন্ট এর তারিখ : ১৯ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬
হাইতির বিপক্ষেও খেলা হচ্ছে না নেইমারের
ঢাকা নিউজ ডেস্ক ||
বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল। তবে ইনজুরির কারণে প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও দেখা যাবে না দলের তারকা ফুটবলার নেইমার জুনিয়রকে। পুরোপুরি ফিট হয়ে উঠতে এবং পুনর্বাসনে মনোযোগ দিতে তিনি দলের সঙ্গে ফিলাডেলফিয়াতেও যাচ্ছেন না বলে নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।সিবিএফ-এর তথ্য অনুযায়ী, নেইমার বর্তমানে নিউ জার্সিতেই অবস্থান করবেন। সেখানকার হোটেল ও প্রশিক্ষণ কেন্দ্রের অত্যাধুনিক সুযোগ-সুবিধা ব্যবহার করে তাঁর পুনর্বাসনমূলক অনুশীলন প্রক্রিয়া চালু রাখা হবে।এর আগে মরক্কোর বিপক্ষে ব্রাজিলের প্রথম গ্রুপ ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল, যেখানে ইনজুরির কারণে স্কোয়াডের বাইরে ছিলেন এই ফরোয়ার্ড। তবে ব্রাজিলের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নেইমার ধীরে ধীরে সুস্থতার পথে রয়েছেন। গতকাল দলের উন্মুক্ত অনুশীলনে সতীর্থদের সঙ্গে কিছু সময় কাটানোর পাশাপাশি ফিটনেস কোচের তত্ত্বাবধানে আলাদাভাবেও তিনি গা গরম করেছেন।নেইমার কবে নাগাদ পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে পারবেন, সে বিষয়ে ব্রাজিল ফুটবল কর্তৃপক্ষ এখনো নিশ্চিত করে কিছু জানায়নি।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ